ডেঙ্গু ও ছেলেধরা গুজবকারীদের ছাড় দেয়া হবে না: সাঈদ খোকন
-
মোহাম্মদ সাঈদ খোকন
বাংলাদেশে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে। রাজধানীর ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা শহরের মানুষের মাঝেও দেখা দিয়েছে আতঙ্ক। সামান্য জ্বর দেখা দিলেই ছুটছেন হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে। সরকারিভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ বেশি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮ থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। সব মিলিয়ে ভর্তি হয়েছেন ৫৪৭ জন নতুন ডেঙ্গু রোগী।
এদিকে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও ছেলেধরা গুজব একই সূত্রে গাঁথা বলে আবারও দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডেঙ্গু ও ছেলেধরা গুজবকারীদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ (শুক্রবার) সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউটস্ লিডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।
সাঈদ খোকন বলেন, কেউ যদি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বা কতজন মারা গেছেন-এ নিয়ে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবে না। যারা ছেলে ধরার গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বারবার দেখেছি, মানুষ যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, নিজের জীবনমান পরিবর্তনের চেষ্টা করে, তখনি ষড়যন্ত্র শুরু হয়। দেশের মানুষ সুখে থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাক, তারা সেটা চায় না। তবে অর্থনৈতিক মুক্তি সংগ্রামকে কোন ষড়যন্ত্রই ব্যাহত করতে পারবে না।
মেয়র খোকন বলেন, ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক লক্ষ্য রাখছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের প্রতিটি বিভাগ কাজ করে চলেছে।
তিনি বলেন, “ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনও মহামারি আকার নিয়েছে বলা যায় না। মহামারির একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে।” তবে মহামারির সংজ্ঞা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু ব্যাখ্যা করেননি মেয়র।
বাংলাদেশ স্কাউটসের ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায়, স্কাউটস্-এর সভাপতি আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্তসহ অন্যরা বক্তব্য রাখেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬