ডেঙ্গু জ্বর আতঙ্ক: ছড়িয়ে পড়ছে নতুন নতুন জেলায়; পরিস্থিতি মোকাবেলায় সরকারের চ্যালেঞ্জ
https://parstoday.ir/bn/news/bangladesh-i72335-ডেঙ্গু_জ্বর_আতঙ্ক_ছড়িয়ে_পড়ছে_নতুন_নতুন_জেলায়_পরিস্থিতি_মোকাবেলায়_সরকারের_চ্যালেঞ্জ
বাংলাদেশ সরকার সারা দেশে ছড়িয়ে পড়া আতঙ্কজনক ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০১৯ ১৩:৩৭ Asia/Dhaka

বাংলাদেশ সরকার সারা দেশে ছড়িয়ে পড়া আতঙ্কজনক ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ জুলাই) রাজধানীতে বন্যার্তদের জন্য আওয়ামী লীগের দলীয় ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে ওবায়দুল কাদের আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি মেয়রকে কার্যকর ওষুধ ছেটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি থেকে গতকাল (২৭ জুলাই) শনিবার পর্যন্ত সারা দেশে ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন যা গত ১৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুধুমাত্র জুলাই মাসেই  হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫১৩ জন রোগী। রাজধানীতে শনিবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন।

তবে, আতঙ্কের বিষয় হচ্ছে, রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারনে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও সেবা কর্মীরাও। গত সপ্তাহে ডেঙ্গুতে একজন সিভিল সার্জন ও দু’জন মহিলা চিকিৎকের মৃত্যুর পর গতকাল পর্যন্ত রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অন্তত ৩০ জন চিকিৎসক ও নার্স ডেঙ্গুতে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এরই মধ্যে রোগীদের চিকিৎসা দিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

ডেঙ্গু পরিস্থিতিকে সামাল দিতে সাধারণ হাসপাতাল ছাড়াও বিশেষায়িত সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, রাজধানীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবার পর এবার নতুন নতুন জেলায় ছড়াচ্ছে ডেঙ্গু জ্বর। ঢাকার বাইরে ভর্তি হওয়া এসব রোগিদের ব্যাপারে স্থানীয় চিকিৎসকের পর্যবেক্ষন হচ্ছে এদের প্রায় প্রত্যেকেই ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকগন পরামর্শ দিয়েছেন, ডেঙ্গু আক্রান্তরা সেরে যাবার দু’সপ্তাহের আগে যেন রাজধানী ছেড়ে প্রামের বাড়ী না যান।

সরকারি হিসাব মতে, গত ১৯ জুলাই থেকে এ পর্যন্ত রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন ২৯ জন। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২৪জন।।বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছেন ২৫ জন।

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে এক সপ্তাহে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ এজন্য ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ও মেডিকেল টিম গঠন করা হয়েছে।

কিশোরগঞ্জে গত এক সপ্তাহে শনাক্ত হয়েছে, ৬৫ রোগী। জেলা সিভিল সার্জন জানান, এরমধ্যে এখনও ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চাঁদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮জন।

প্রতিদিন শত শত মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তখন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন গতকাল আবারও ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যাকে গুজব বলে উল্লেখ করেছেন। 

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন (২৫) এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তবে স্কয়ার হাসপাতালে তার ২২ ঘন্টার চিকিৎসা খরচ বাবদ ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকার মেডিকেল বিল দেখে আতকে উঠেছে তার পরিবার ও সহপাঠিরা। জানা গেছে মৃত্যুর পর রাজনৈতিক হস্তক্ষেপে বিল কিছু কম রাখা হয়েছে। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।