শেখ হাসিনার ইচ্ছাতেই বেগম জিয়া আজ কারাবন্দী: ড. মোশাররফ
-
খালেদা জিয়া - শেখ হাসিনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন-আদালতের কারণে নয়, শেখ হাসিনার প্রতিহিংসার জন্যই বেগম জিয়া কারাগারে।
আজ (সোমবার) দুপুরে রাজধানীতে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি’তে ঢাকা মহানগর জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে ড. মোশাররফ উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে গিয়ে বলেছেন যে, তারেক রহমানকে কথা কম বলতে বলো, না হলে তার মা সারাজীবন জেলে থাকবে।' এতেই প্রমানিত হয় শেখ হাসিনার ইচ্ছাতেই বেগম জিয়া আজ কারাবন্দী।"
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অবশ্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তবে কোন বড় ধরনের আন্দোলন প্রস্তুতি ছাড়া হয় না। তাই এ নিয়ে বিলম্ব দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই।’
'খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্র ফিরে আসবে'
ওদিকে, বিএনপির স্থায়ী কমিটির অপর একজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের আইন ভঙ্গ করে, সংবিধান লঙ্ঘন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজারে জেলা বিএনপি’র আয়োজনে ত্রাণ বিতরণকালে তিনি আরো বলেন, "বিএনপির সময় কুড়িগ্রাম জেলাকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকার তা করেনি। আওয়ামী লীগের কতিপয় নেতা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এ অবস্থা চলতে পারে না। এ অবস্থার পরিবর্তনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।"
এছাড়া, সোমবার জামালপুরের সদর উপজেলার সোনাগাঁথা গ্রামে বন্যার্তদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির আরেক একজন সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বন্যা মোকাবিলায় সরকার পুরো ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারকে বন্যাদুর্গতের জন্য প্রস্তুতি নিতে বলেছিল। কিন্তু সরকার বিএনপির বিরুদ্ধে বন্যা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে।
তিনি বন্যা দুর্গত এলাকার মানুষকে বিনা মূল্যে খাদ্য, চিকিৎসা, বস্ত্র ও শিক্ষা উপকরণ দেবার দাবি জানান। এইসাথে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে বিনা মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা এবং বন্যাকবলিত এলাকার কৃষকের সব ধরনের ঋণ মওকুফ করার দাবি জানান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯