সরকার এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে: আমীর খসরু
-
আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে। আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বেগম খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘কোনটা গুজব? ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এটা? মহিলাদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে এটা? শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে এটা? শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে এটা? ব্যাংক লুট করে খালি করে দেয়া হয়েছে এটা? গুম-খুন-হত্যা করা হচ্ছে এটা? নাকি নির্বাচন কমিশন থেকে সংবিধান লংঘন করে হজ পর্যবেক্ষণে গেছে এটা গুজব? গুজব আসলে কোনটা?’
আমির খসরু বলেন, ‘সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেয়া ছাড়া কোনও পথ নেই। কারণ তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তারা আজকে যাদেরকে দিয়ে ক্ষমতা দখল করে আছে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয়। দেশের জনগণের মালিকানা কেড়ে নিয়ে আজ তারা দেশের মালিক হয়েও কর্তৃত্ব করছে। ’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকারের মন্ত্রীরা বলছে বিএনপি'র অফিস নাকি গুজবের ফ্যাক্টরি। সমস্যাটা হচ্ছে যারা আজকে জনগণকে বাইরে রেখে উন্নয়নের নামে ক্ষমতা দখল করেছে তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। জনগণের কাছে তারা জবাবদিহি করতে চায় না। কাজেই দেশে যে প্রবল সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান তারা কোনোভাবেই দিতে পারবে না। সেজন্য জন্য তারা ‘গুজব গুজব’ বলে সব ব্যর্থতা আড়াল করতে চাচ্ছে।’
নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মাদ নেছারুল হক ও সাবিরা নাজমুল প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০