খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি মুলতবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i72391-খালেদা_জিয়ার_জামিন_আবেদনের_শুনানি_মুলতবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামীকাল (বুধবার) দুপুর ২ টা পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ৩০, ২০১৯ ১৫:১৪ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামীকাল (বুধবার) দুপুর ২ টা পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দীন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কমাল, আমিনুল ইসলাম, রাগিব রউফ চৌধরী, সগীর হোসেন লিয়ন ও এ কে এম এহসানুর রহমান। আর দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড আপিল শুনানিকালে স্থগিত করে এ মামলার যাবতীয় নথি ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ আদালত। সেই আদেশের পরিপ্রেক্ষিতে গত ২০ জুন মামলার নথি হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর গত ২৮ জুলাই এ মামলায় জামিন চেয়ে আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড দেন আদালত। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০