ডেঙ্গুতে মারা গেলেন নারী এসআই, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩৫
-
এ ছবি এখন কেবলই স্মৃতি
বাংলাদেশের রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার নীলা (৩৩) মারা গেছেন। মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
এসআই কোহিনুরকে প্রথমে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৯ জুলাই রাত ৯টায় তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু ক্রমেই তার অবস্থার অবনতি হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এসআই কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
উল্লেখ্য, রাজারবাগ পুলিশলাইনসের ব্যারাক, মিরপুরসহ আশপাশের এলাকার বহু পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত পুলিশের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ৯৫ পুলিশ সদস্য ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। শনিবার আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ১০১ জন।
ডেঙ্গু আক্রান্ত ১৫ হাজার ছাড়াল
এদিকে, দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৩৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৫৫ জনের বেশি।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৬-৩০ বছর বয়সীরা। আগস্টে এ রোগের প্রকোপ আরও বাড়তে পারে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের ফ্লোর, বারান্দাসহ বিভিন্ন খালি জায়গায় রোগীদের রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শুধুমাত্র জুলাই মাসেই (১-৩০ জুলাই) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৮২ জন। ২৯ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৬৯ জন। এদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৮ জন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১