ক্ষমা চাইলেন মেয়র আতিকুল: 'সরকার ব্যর্থ' বললেন নোমান-জিএম কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72607-ক্ষমা_চাইলেন_মেয়র_আতিকুল_'সরকার_ব্যর্থ'_বললেন_নোমান_জিএম_কাদের
ডেঙ্গুজ্বরে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ (বুধবার) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। 
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ০৭, ২০১৯ ১৬:২৮ Asia/Dhaka
  • মেয়র আতিকুল ইসলাম
    মেয়র আতিকুল ইসলাম

ডেঙ্গুজ্বরে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ (বুধবার) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। 

অনুষ্ঠানে ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ তুলে ধরেন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

ডেঙ্গুকে জাতীয় দুর্যোগ বললেন নোমান

এদিকে, ডেঙ্গুকে 'জাতীয় দুর্যোগ' উল্লেখ করে এই রোগ নিয়ন্ত্রণে সব দলকে একসঙ্গে নিয়ে সরকারের কাছে জাতীয় ঐক্য গড়ে তোলার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

আব্দুল্লাহ আল নোমান

আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি রাইফেলস স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু রোগ মোকাবিলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ দাবির কথা জানান। তিনি বলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি, এটি তাদের মন্ত্রী-সাংসদদের বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। 

এসময় তিনি ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকারের প্রতি সব দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

জি এম কাদের

সামনে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে: জিএম কাদের

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ডেঙ্গু নিধনে সরকার সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা উদ্বিগ্ন, সামনে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু নিধন ও জনগণের মাঝে সচেতনতা তৈরি লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত এক মানন্ধনে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘জনগণ এখন বনের হিংস্র জন্তুকে ভয় পায় না। কিন্তু একটা মশা দেখলে ভয় পায়। দুর্ভাগ্য আমাদের, ডেঙ্গু চিকিৎসা আজ দেশের সব জায়গায় নেই। ‘

তিনি সারাদেশের দ্রুত ডেঙ্গুর চিকিৎসা চালুর দাবি জানান। সেইসঙ্গে দেশের বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে চুক্তি করে সেখানে ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭