বাংলাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৬১৫ জন
বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতরাত থেকে আজ (সোমবার) সকাল পর্যন্ত খুলনা, ফরিদপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ (সোমবার) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমান (৪০) নামে এক সবজি বিক্রেতার। সকাল সাড়ে ১০টায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে দেলোয়ার হোসেন (৩৫) নামে মসজিদের এক ইমাম মারা যান। গতকাল রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাসেল মিয়া নামে কিশোরগঞ্জের এক বাসিন্দা। এছাড়া, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার হোসেনের (৪০)।
সরকারি হিসাবে ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর কথা স্বীকার করা হলেও ১৮ আগস্ট পর্যন্ত অন্তত ১৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই তিনজনসহ ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯ জনে উন্নীত হলো।
এদিকে, সরকারি হিসাব মতে, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন।
অন্যদিকে, আজ দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এডিস মশা নির্মূল ও অন্যান্য সমস্যা সমাধানে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন।
এ সময় টার্মিনাল এলাকার বাইরে ওয়াসার স্থানে পরিত্যক্ত টায়ারের স্তুপে ওষুধ স্প্রে করার পর মশা বেরিয়ে আসে। তা দেখে আতিকুল ইসলাম টায়ার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
আতিকুল ইসলাম বলেন, ‘এসব টায়ার থেকে এডিস মশা জন্ম নেয়। আমি আরো ১৫ দিন আগে এসব টায়ার সরাতে বলেছিলাম। কিন্তু কেউ তা করেনি। এ জন্য এ টায়ার মালিককে জরিমানা এবং অনাদায়ে শাস্তি দেওয়া হলো।’
তবে টার্মিনালের বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বাতিল হওয়া এসব টায়ার কিনে রাবার বের করা হয়। যারা এগুলো কিনে স্তুপ করে রেখেছে তাদের খুঁজে বের করে জরিমানা আদায় করা হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।