২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে সরকার ও ইউএনএইচসিআর প্রস্তুত
-
রোহিঙ্গা শরণার্থী
কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আগামী ২২ আগস্ট থেকে তাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসন শুরুর ব্যাপারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) দপ্তর ও জাতিসংঘ শরণার্থী সংস্থা নিরাপত্তা ব্যবস্থাসহ প্রস্তুতির সকল বিষয় খতিয়ে দেখছেন বলে সোমবার এক সরকারি কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন।
প্রথম পর্যায়ে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এক হাজার ৩৮ পরিবার থেকে তিন হাজার ৯৯৯ জনের তালিকা চূড়ান্ত করেছে।
এদিকে, ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার রোহিঙ্গাদের যে তালিকা চূড়ান্ত করেছে, ইউএনএইচসিআর ওই তালিকাভুক্ত রোহিঙ্গাদের আজ (মঙ্গলবার) থেকে সাক্ষাৎকার নেবে। সাক্ষাৎকারে রাখাইনে তারা স্বেচ্ছায় ফিরে যেতে চায় কি না, জানতে চাওয়া হবে।
বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। যাদের মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে।
দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান চাওয়া বাংলাদেশ রোহিঙ্গাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের ব্যাপারে ২০১৭ সালের ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে প্রথম একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজ ভূমিতে ফিরে যেতে পারেননি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।