খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি ফের পেছাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i73008-খালেদার_বিরুদ্ধে_গ্যাটকো_দুর্নীতি_মামলার_চার্জ_গঠনের_শুনানি_ফের_পেছাল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আরেক দফা পিছিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ১০:০৬ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আরেক দফা পিছিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ আজ (বৃহস্পতিবার) বেগম জিয়ার আইনজীবিদের সময় আবেদন মঞ্জুর করে এ নতুন তারিখ ঠিক করেন।

মামলার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া জানান, খালেদা জিয়ার এখনো অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে জানিয়েছে তার চিকিৎসা চলমান। এই অবস্থায় তাকে হাসপাতাল থেকে জেলখানায় পাঠনো সম্ভব হল না বলে আদালতে হাজিরা পরোয়ানা পাঠানো হয়।

এর আগের তারিখ গত ১৮ একই কারণ দেখিয়ে বেগম জিয়াকে আদালতে উপস্থিত করেনি  কারা কর্তৃপক্ষ। এ ব্যাপারে এর আগে ১৫ জুলাই এবং পরে ২২ আগস্ট তারিখ ধার্য করা হয়েছিল।

তৎকালীন সেনা সমর্থিত  মঈনুদ্দিন-ফখরুদ্দিন তত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) বেগম  খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলাটি রুজু করে। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেন। মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন এরই মধ্যে মারা গেছেন। তারা হলেন- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম ও আরাফাত রহমান কোকো।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।