রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে বিএনপি: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i73176-রোহিঙ্গা_ইস্যুকে_ব্যবহার_করে_সরকারকে_বেকায়দায়_ফেলতে_চাইছে_বিএনপি_কাদের
রাজনীতির মাঠে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৯ ১৪:২১ Asia/Dhaka
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রাজনীতির মাঠে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (বুধবার) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাদের নেত্রী দেড় বছর ধরে কারাগারে, কিন্তু দেড় মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। সর্বশেষ আমরা দেখছি রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে।’

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকারের যে ভূমিকা তা বিশ্বজুড়ে প্রসংশিত হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যে রোহিঙ্গা রিফিউজি আলিঙ্গন করেছেন, তা সারাবিশ্বে প্রসংশিত। বিশ্বের কোনো দেশে যখনই কোনো রিফিউজি সমস্যা হয়েছে, এভাবে আশ্রয় চেয়েছে, কিন্তু এভাবে আশ্রয় পায়নি। সেজন্য জাতিসংঘসহ সারাবিশ্বে সমাদৃত প্রশংসিত শেখ হাসিনার রোহিঙ্গা নীতি। এর আগে গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীতে  যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে যারা খেলছে, তাদের তথ্য আছে সরকারের হাতে, সময়মতো ব্যবস্থা নেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। আমরা তাদের মানবিক সাহায্য দিচ্ছি। দেশের একটা মতলবি মহল আছে যারা আন্দোলনে ব্যর্থ, তারাই ক্ষমতা দখলের পায়তারায় রোহিঙ্গা ইস্যুতে ইন্ধন দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার বন্ধুহীন দেশ নয়, রোহিঙ্গাদের ফেরত নিতে তাদের অনাগ্রহ আছে। তবে তাদের ওপর আন্তর্জাতিক মহলের চাপও আছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।