বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৬০
https://parstoday.ir/bn/news/bangladesh-i73258-বাংলাদেশে_ডেঙ্গু_আক্রান্তের_সংখ্যা_কমছে_২৪_ঘণ্টায়_হাসপাতালে_ভর্তি_৭৬০
বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে গত ২৪ ঘণ্টায় এক হাজারের নিচে নেমে এসেছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১৭:৫৫ Asia/Dhaka
  • বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৬০

বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে গত ২৪ ঘণ্টায় এক হাজারের নিচে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার গণমাধ্যমকে জানান, রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং বিভিন্ন বিভাগীয় হাসপাতালে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৭৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৩৪৯ জন ও ঢাকার বাইরের হাসপাতলে ৪১১ জন ভর্তি হন।

এর আগের দিন সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬৫ জন এবং ঢাকার বাইরে ৫৬০ জন ভর্তি হন।

বিগত বছরের অভিজ্ঞতায় সেপ্টেম্বর মাস ডেঙ্গুর পিক আওয়ার। তবে চিকিৎসকরা মনে করছেন, এডিস প্রতিরোধে জোর তৎপরতা ও ব্যপক জনসচেতনতার কারণে  আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসায় এবার সেই শঙ্কা নেই।

এদিকে, এখনই শঙ্কা উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের ডেঙ্গু কর্মসূচির ম্যানেজার ডাক্তার এম এম আক্তারুজ্জামান বলেছেন, সহায়ক পরিবেশ পেলে যেকোনো সময় মাথাচাড়া দিতে পারে এডিস। তাই এডিস প্রতিরোধে বছরজুড়েই সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগের পরামর্শ তাদের।

এদিকে চট্টগ্রামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বাদশা মোল্লা নামক একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই প্রথম কেউ মারা গেলেন চট্টগ্রাম মহানগরীতে। তবে, চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।