রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার আবুল কালামকে প্রত্যাহার
https://parstoday.ir/bn/news/bangladesh-i73332-রোহিঙ্গা_প্রত্যাবাসন_কমিশনার_আবুল_কালামকে_প্রত্যাহার
কক্সবাজারে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নিয়োগ দেয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৫:৫৬ Asia/Dhaka
  • মোহাম্মদ আবুল কালাম (বামে) ও মাহবুব আলম তালুকদার (ডানে)।
    মোহাম্মদ আবুল কালাম (বামে) ও মাহবুব আলম তালুকদার (ডানে)।

কক্সবাজারে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নিয়োগ দেয়া হয়েছে।

আজ (সোমবার)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মাহবুব আলম এর আগে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। এখন তার ওই আদেশটি বাতিল করে নতুন নিয়োগ দেয়া হল।

অন্যদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।

আবুল কালামের বদলি আদেশে বলা হয়েছে, তাকে ৫ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা স্থানে যোগ দিতে হবে। অন্যথায় ৫ই সেপ্টেম্বর বিকালে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণায়ের সচিব শাহ কামাল বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার হিসাবে আবুল কালামের মেয়াদ তিন বছর পূর্ণ হয়ে গেছে। ফলে, রুটিন মতই তাকে বদলি করা হয়েছে।

আবুল কালাম ছাড়াও গত দু-তিন দিনে ৩২টি রোহিঙ্গা শিবিরের মধ্যে ছয়টির মত শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।