বাংলাদেশে সিজারিয়ান প্রসব বৃদ্ধিতে উদ্বেগ: ব্যথামুক্ত নরমাল ডেলিভারির ওপর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/bangladesh-i73588-বাংলাদেশে_সিজারিয়ান_প্রসব_বৃদ্ধিতে_উদ্বেগ_ব্যথামুক্ত_নরমাল_ডেলিভারির_ওপর_গুরুত্বারোপ
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, ব্যথামুক্ত নরমাল ডেলিভারি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় উপকারী। কিন্তু বাংলাদেশে সিজারিয়ান প্রসব উদ্বেগজনক হারে বাড়ছে; আর এর ফলে মায়েরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৯ ০৮:১৪ Asia/Dhaka

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, ব্যথামুক্ত নরমাল ডেলিভারি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় উপকারী। কিন্তু বাংলাদেশে সিজারিয়ান প্রসব উদ্বেগজনক হারে বাড়ছে; আর এর ফলে মায়েরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।  

এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানোর জন্য সারাদেশে রোগীদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ধরনের অপারেশন মা এবং শিশু দুই জনকেই ঝুঁকির মধ্যে ঠেলে দেয়। অনেক গর্ভবতী মা প্রায়ই ব্যথা আতঙ্কের কারণে সন্তান প্রসব করার জন্য অস্ত্রোপচার করতে বাধ্য হন। তবে অতিরিক্ত অর্থ খরচ করার পরেও তাদের প্রসব পরবর্তী দীর্ঘমেয়াদি বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়।

গতকাল বুধবার ঢাকায় আয়োজিত প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বিশিষ্ট চিকিৎসকরা। অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করে পোর্টিয়নকুলা ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট ডা. কাজী নাফিজা হামিদ জানান, বাংলাদশে বেসরকারি হাসপাতালে প্রসবের ৮০ শতাংশেরও বেশি সিজারের মাধ্যমে হয়ে থাকে, যা ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হলেও সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার মৌসুমি মল্লিকা রেডিও তেহরানকে বলেন, অবশ্যই সিজারিয়ানের চেয়ে নরমাল ডেলিভারীকে প্রাধান্য দিতে হবে। কিন্তু অনেক সময় প্রসবকালীন ব্যথা এড়াতে মায়েরা সিজারিয়ান করাতে চান। অথবা কোনোরকম  জটিলতা  থাকলে  ডাক্তাররাও  সিজারিয়ান করার পরামর্শ দিয়ে থাকেন।

ডা. মৌসুমী আরো বলেন, ব্যথামুক্তভাবে সন্তান প্রসব করানোর জন্য এখন উন্নত বিশ্বেও একটা আগ্রহ দেখা যাচ্ছে। তবে এ ব্যাপারটি সময়সাপেক্ষ বলে দীর্ঘ সময় ধরে একজন গাইনোলোজিস্ট, অবস্ট্রলোজিস্ট, এনেস্থোলোজিস্ট এবং টেকনিসিয়ানকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে ডেলিভারি কক্ষে অপেক্ষমান থাকতে হয়। সরকারি হাসপাতালে এসব সুবিধা নিশ্চিত করা গেলে মায়েরা এ পদ্ধতিতে নিরাপদে ব্যথামুক্তভাবে সন্তান প্রসব করানোর ব্যাপারে আগ্রহী হবেন।  

এ প্রসঙ্গে, বেসরকারি ইমপালস হেল্থ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জাহের আল-আমিন বলেছেন, সিজারিয়ান কোনোমতেই স্বাভাবিক প্রসবের বিকল্প হতে পারে না। আবার আধুনিকতার নিরিখে প্রসবের সময় ব্যথাও কোনো মতে কাম্য নয়। এইসব চিন্তা করেই ইমপালস হসপিটাল গত বছর থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারির ব্যবস্থা শুরু করেছে এবং যথেষ্ট সাফল্যও অর্জন করেছে। এ ব্যাপারে গর্ভবতী মায়েদেরও বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন