যুবলীগ নেতা জিকে শামীম আটক; খালেদ দল থেকে বহিষ্কার
https://parstoday.ir/bn/news/bangladesh-i73821-যুবলীগ_নেতা_জিকে_শামীম_আটক_খালেদ_দল_থেকে_বহিষ্কার
সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করা হয়েছে। তিনি একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৩:৪৪ Asia/Dhaka
  • যুবলীগ নেতা জিকে শামীম আটক; খালেদ দল থেকে বহিষ্কার

সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করা হয়েছে। তিনি একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

আজ (শুক্রবার) দুপুরে শামীমকে নিকেতনের বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর তার জি কে বিল্ডার্স অফিসে অভিযান চালায় তারা। সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন শামীমের বাসায় কয়েকজন সাদা পোশাকে প্রবেশ করেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর শামীমকে সঙ্গে নিয়ে তার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ১৪৪ নম্বর ভবনে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, শামীমের কার্যালয় থেকে বিদেশি মুদ্রা, মদ, একটি আগ্নেয়াস্ত্র, মাদক, নগদ অর্থ, ২০০ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়। আটক করা হয় আরো সাতজনকে। সুনির্দিষ্ট টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগে শামীমকে আটকের কথা জানান তিনি।

এদিকে, অবৈধ ক্যাসিনো পরিচালনায় অভিযুক্ত খালেদ মাহমুদ ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেছে যুবলীগ। আজ (শুক্রবার) তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

গত বুধবার রাতে গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক ‍করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে তিনটি অস্ত্র, গুলি, ৫৮৫ পিস ইয়াবা, ১০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা এবং ৬-৭ লাখ টাকা সমমানের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। অস্ত্রগুলোর একটি লাইসেন্সবিহীন, অপর দু’টি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রাখা হয়েছিল।

অবৈধ ক্যাসিনো পরিচালনায় অভিযুক্ত খালেদ মাহমুদ ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেছে যুবলীগ

খালেদকে আটকের সময় একযোগে তার নিয়ন্ত্রণাধীন ফকিরাপুলের ইয়াংমেন্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময়, ক্লাব থেকে ২৪ লাখ ২৯ হাজার নগদ টাকা ও মাদকসহ ১৪২ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় আলাদা চারটি মামলা করা হয়েছে। এরমধ্যে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা ( নং-২৩, ২৪ ও ২৫) এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা (নং-৩১) দায়ের করা হয়।

পরে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার অস্ত্র মামলায় খালেদের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে মাদক মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহেনুর ইসলাম।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন