১১ ভিসির অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে ইউজিসি
বাংলাদেশের এগারোটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভাইস-চ্যান্সেলরদের (ভিসি) নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব প্রতিষ্ঠানের প্রধানদের অশিক্ষকসুলভ আচরণে বিক্ষুদ্ধ হয়ে ওঠে ক্যাম্পাস। দলীয় আনুগত্যের বিবেচনায় নিয়োগ দেয়া হলেও, তাদের কর্মকাণ্ডের কারণে এখন খোদ সরকারই বিব্রত।
সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ জমা পড়েছে।
বর্তমানে গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে। এর আগে ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। এক পর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার।
নানা অনিয়ম, দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ ব্যাপক অভিযোগ রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধেও।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরীর নানা অনিয়ম সবার মুখে মুখে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১৪২ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন তিনি।
এ প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী এম শহীদুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার সেই আলোকে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। দক্ষ ও যোগ্য শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের পরামর্শ এই শিক্ষাবিদের।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন