ধীরে ধীরে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i74094-ধীরে_ধীরে_কেঁচো_খুঁড়তে_সাপ_বেরোচ্ছে_শেখ_হাসিনা
খেলাধুলার সামগ্রীর নামে ক্যাসিনো’র যন্ত্রাংশ আমদানিকে ‘অকল্পনীয়' উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘কোনো ট্যাক্স দেবে না, অনুমতি নেবে না, অথচ এগুলো হতে থাকবে… এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এখন তো ধীরে ধীরে কেঁচো কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১১:২৮ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে শেখ হাসিনা
    সংবাদ সম্মেলনে শেখ হাসিনা

খেলাধুলার সামগ্রীর নামে ক্যাসিনো’র যন্ত্রাংশ আমদানিকে ‘অকল্পনীয়' উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘কোনো ট্যাক্স দেবে না, অনুমতি নেবে না, অথচ এগুলো হতে থাকবে… এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এখন তো ধীরে ধীরে কেঁচো কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে।

টানা ১১তম বারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা যে আরও কত দূর যাবে, সেটা আপনারা অপেক্ষা করেন এবং দেখেন। তবে এটা যখন ধরেছি, ভালোভাবেই ধরেছি। কাজেই এটা অব্যাহত থাকবে, এটুকু আশ্বস্ত করতে পারি।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুফল যেন ভোগ করতে না হয় সে জন্যই এ অভিযান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে হয়তো অনেকে নাখোশ হবেন কিন্তু অভিযান চলবে। আমি কিন্তু ওয়ান-ইলেভেনের যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। আমি এটুকু বলতে পারি, ওয়ান-ইলেভেন আর হওয়া লাগবে না। কোনো অন্যায় হলে তার ব্যবস্থা আমিই নেব, আমরাই নেব। সেটা যে-ই হোক; সে আমার দলের লোকই হোক। আর আমি যদি কোনো বিচার করতে যাই, তা আগে তো ঘর থেকেই শুরু করতে হবে। আর দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তার যেন কোনো কুপ্রভাব না পড়ে, সেটা আমার দলের মধ্যে হোক বা সমাজে হোক, সেটাও আমাকে সামাল দিতে হবে। এবং সেজন্যই আমি এ অভিযান চালাচ্ছি। আমি জানি,  কিছু লোক অভিযানের কারণে আমার ওপর অখুশি, কিন্তু, আমি এটার পরোয়া করি না কারণ আমার ক্ষমতা এবং সম্পদের প্রতি কোন মোহ নেই।  

প্রধানমন্ত্রী বলেন, সবাই ভালো থাকুক চাই কিন্তু তার মানে এই নয় যে দুর্নীতি করে অর্থের মালিক হতে হবে।

ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত না দেয়ার সংস্কৃতি জিয়ার সৃষ্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক খাতে ডিসিপ্লিন আনার চেষ্টা হচ্ছে।

রোববার বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে তিনটার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন উপলক্ষে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত বক্তৃতা করেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।