'দেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করে দেবে এটা কখনও হতে পারে না'
https://parstoday.ir/bn/news/bangladesh-i74343-'দেশের_স্বার্থ_শেখ_হাসিনা_বিক্রি_করে_দেবে_এটা_কখনও_হতে_পারে_না'
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ফেনী নদী থেকে ‘নগণ্য’ পরিমাণ পানি ভারতকে দেয়া হচ্ছে। এই ইস্যুতে হঠাৎ এত চিৎকার কিসের জন্য?' আজ (বুধবার) বিকেলে গণভবনে তার ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে  প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ১৬:০৩ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ফেনী নদী থেকে ‘নগণ্য’ পরিমাণ পানি ভারতকে দেয়া হচ্ছে। এই ইস্যুতে হঠাৎ এত চিৎকার কিসের জন্য?' আজ (বুধবার) বিকেলে গণভবনে তার ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে  প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।  

তিনি বলেন, “সামান্য পানি আমরা তাদেরকে দেব। এখানে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিটা হয়েছে সেটা তাদের খাবার পানির জন্য। ১.২ কিউসেক পানি তারা নেবে।’

তিনি বলেন, এত বড় একটা নদী, যে নদীতে যে পরিমাণ পানি আসে এবং বেশির ভাগ আমরা ব্যবহার করি তারাও ব্যবহার করে। আর এটা নিয়ে হঠাৎ এত চিৎকার কিসের জন্য আমি জানি না। কেউ যদি পানি পান করতে চায় আমরা যদি তা না দিই, এটা কেমন দেখায়?

তিনি বলেন, আমাদের তো আরও সীমান্তবর্তী নদী আছে, এটাও তো আমাদের চিন্তা করতে হবে। এর বাইরেও ইতিমধ্যেই আমাদের যৌথ নদী কমিশনে আলোচনা করেছি। এখানে মনু, মহুরি, খোয়াই, গোমতি এবং ধরলা, দুধকুমার নদী। এই নদীর পানিবণ্টন নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আর তিস্তা নিয়ে তো আলোচনা চলছেই।

সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে গ্যাস নিয়ে চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করে দেবে এটা কখনও হতে পারে না।

তিনি বলেন, আমরা বিদেশ থেকে এলপিজি গ্যাস এনে প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানি করব। এটা প্রাকৃতিক গ্যাস নয়। অন্য পণ্য যেমন আমরা রপ্তানি করি ঠিক তেমন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই।

সম্প্রতি বুয়েট ছাত্রলীগের নেতাদের হাতে আবরার ফাহাদ হত্যার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বুয়েটের কমিটি আছে, তারা যদি মনে করে বন্ধ (ছাত্ররাজনীতি) করে দিতে পারে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না।'

তবে তিনি আরো বলেন, ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে এমন মানসিকতা মিলিটারি ডিক্টেটরদের। আমি তো ছাত্ররাজনীতি করে এ পর্যন্ত এসেছি। নেতৃত্ব তৈরি হয় ছাত্ররাজনীতি থেকে।’

বুয়েট ছাত্রাসে ছাত্র হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সামান্য টাকায় বিশ্ববিদ্যালয়ে সিট ভাড়া করে থাকবে। আর সেখানে বসে এমন মাস্তানি করবে। তা হতে পারে না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব প্রত্যেক হল সার্চ করে দেখতে। কোথায় কি হচ্ছে, সেটা খুঁজে বের করতে। যে দলরই হোক না কেন। কাউকে ছাড় দেওয়া হবে না।’

আবরার হত্যার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার পার্টিতে এমন হবে তা কখনো মেনে নেব না। ঘটনার পর আমি সঙ্গে সঙ্গে ছাত্রলীগকে ডেকেছি। অপরাধীদের দল থেকে বহিষ্কার করতে বলেছি। তাদের বিচার হবে। তারা গ্রেফতার হচ্ছে।’

তিনি বলেন, ‘‘অপরাধী অপরাধী ই। কোন দলের সেটা দেখার সুযোগ নেই। বুয়েটের ঘটনার পরই আমি নির্দেশ দিয়েছি আলামত জব্দের। কে ছাত্রলীগ সেটা আমি বিবেচনা করিনি, গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।