ইউনিয়ন পর্যন্ত নিরাপদ খাবার পানি সরবরাহে কাজ করছে সরকার: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i74368-ইউনিয়ন_পর্যন্ত_নিরাপদ_খাবার_পানি_সরবরাহে_কাজ_করছে_সরকার_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে গুরুত্বারোপ করে বলেছেন, ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা না কমালে আমাদের গুরুতর পরিণতির মোকাবিলা করতে হবে। তাছাড়া, পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১০, ২০১৯ ১৬:১১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে গুরুত্বারোপ করে বলেছেন, ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা না কমালে আমাদের গুরুতর পরিণতির মোকাবিলা করতে হবে। তাছাড়া, পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পানি পরিশোধন ও সরবরাহ সংক্রান্ত তিনটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের মানুষের কাছে নিরাপদ খাবার পানি পৌঁছে দেওয়া। আমরা বর্তমানে কেবল ঢাকা নয়, বিভাগীয় শহরগুলোতেও নিরাপদ খাবার পানি সরবরাহ করছি।

তিনি বলেন, ‘সবার জন্য নিরাপদ পানি’ সরকারের এই স্লোগানকে ধারণ করে ঢাকা ওয়াসা রাজধানীর বস্তিগুলোতে আইনসম্মত ও নিরাপদ পানি সংযোগের প্রক্রিয়া ইতোমধ্যে নিশ্চিত করেছে। পর্যায়ক্রমে সব বস্তি পানি সরবরাহের আওতায় আনা হবে।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে সব বিভাগীয় শহরে ভূ-উপরিস্থ পানির উৎসের মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার জন্য শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় জলাধার নির্মাণ এবং বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সেচকাজে বৃষ্টি ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৃষ্টির পানি সংরক্ষণে ৪ হাজার ৭শ’ জলাধার নির্মাণ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সব নদীর নাব্যতা বজায় রাখা ও তা জলাধার হিসেবে ব্যবহার করতে নদী খননের কাজ চলছে।

তিনি বলেন, মানুষের নগরমুখী প্রবণতা বন্ধ করতে গ্রামের জনগণের কাছে নাগরিক সব সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

সবার জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পানি সরবরাহ, সুয়ারেজ এবং ড্রেনেজ সিস্টেম নিয়ে সরকার তিনটি মাস্টার প্লান তৈরি করেছে। পাশাপাশি ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অ্যাক্ট, ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন অ্যাক্ট ২০১৪ পাস এবং ১৯৯৯ সালে জাতীয় পানি নীতি এবং ন্যাশনাল পলিসি ফর আর্সেনিক মিটিগেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্লান গ্রহণ করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরবরাহ বিভাগের সচিব হেলাল উদ্দীন আহমেদ, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি-জিমিং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।