টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i74398-টেকনাফে_বন্দুকযুদ্ধে’_রোহিঙ্গাসহ_নিহত_২_অস্ত্র_গুলি_ও_ইয়াবা_উদ্ধার
বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দু’জন নিহত হয়েছেন। আজ (শনিবার) টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রহমান (৪৬) ও আহমদ হোসেন (৪৫)।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ০৭:৪৯ Asia/Dhaka
  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দু’জন নিহত হয়েছেন। আজ (শনিবার) টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রহমান (৪৬) ও আহমদ হোসেন (৪৫)।

পুলিশের দাবি, নিহতরা ছয় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আহমদ হোসেন (৪৫) টেকনাফ সদর ইউপি হাতিয়ারঘোনা গ্রামের হাজী হামিদ হোসেনের ছেলে ও আবদুর রহমান (৪৬) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের রোহিঙ্গা মৃত কালা মিয়া সংয়ের ছেলে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেছেন, শুক্রবার গভীর রাতে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি ও ৬ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আহমদ হোসেন এবং রোহিঙ্গা আব্দুর রহমানকে গ্রেফতার করে। পরে তাদের  স্বীকারোক্তি মতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের জন্য টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের দিকে পৌঁছামাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে অস্ত্রধারী ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার সময় তারা মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল, এএসআই অহিদ ও কনস্টেবল মালেকুল আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি এলজি ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

নিহত দু’জনের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, “পুলিশ রাতে দুজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন, তাদের শরীরে বুকে, পিঠে তিনটি করে গুলির আঘাত ছিল। এছাড়া আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

গত বছরের ৪ মে থেকে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে কক্সবাজার জেলায় ৩ নারীসহ ১৭১ জন নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে ২ নারীসহ ৪৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।