বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও রোল মডেল বাংলাদেশ: প্রধানমন্ত্রী
-
স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও বিশ্বে এখন রোল মডেল বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও রোল মডেল। বাংলাদেশ দুর্যোগের দেশ। দুর্যোগের সঙ্গেই বসবাস করতে হবে। কিন্তু মানুষের যাতে ক্ষতি কম হয়, মানুষ যাতে বাঁচে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আজ (রোববার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠান থেকে দেশের ১৪টি জেলায় ১০০টি আশ্রয়কেন্দ্র এবং ৬৪টি জেলায় ১১ হাজার ৬০৪টি দুর্যোগ সহনীয় বাড়ি উদ্বোধন করেন তিনি।
বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যথাযথ ব্যবস্থা নেয়ায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলাতেও রোল মডেল হিসেবে বিশ্বে সম্মান পাচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি।

সরকার প্রধান বলেন, দেশে যেকোন দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনী ও সংস্থা কাজ করে। প্রতিনিয়ত তাদের সক্ষমতা বাড়ানোর কাজ করে যাচ্ছে সরকার। প্রত্যন্ত অঞ্চলেও আন্তর্জাতিক মানের সাইক্লোন শেল্টার নির্মাণ এবং যাতায়াত ব্যবস্থাও উন্নত করা হয়েছে।
এ সময়, দেশের উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বৃক্ষরোপণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে যে বিশাল ঝাউবন। এই ঝাউবনটি কিন্তু জাতির পিতার নির্দেশে তৈরি করা হয়েছিল। ঠিক এভাবে উপকূল অঞ্চলে জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য বৃক্ষ রোপণ করতে হবে।
১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে তখনকার সরকার একেবারেই নীরব ছিল। আমি তখন বিরোধীদলে। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। এ বিষয়টা যখন আমি পার্লামেন্টে তুললাম তিনি সংসদে বললেন, যত মানুষ মরার কথা তত মানুষ মরে নাই। আমি তখন জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে আপনি জবাব দেন। অর্থাৎ একটি সরকার সতর্ক না থাকলে দেশের ক্ষতি হয়।
বর্তমান সরকার ইতোমধ্যে উপকূল অঞ্চলে ৩৮৬৮টি বহুমুখী সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ করেছে। আরও ১৬৫০টি সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণে পদক্ষেপ নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।