যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে অব্যাহতি
https://parstoday.ir/bn/news/bangladesh-i74630-যুবলীগ_চেয়ারম্যান_ওমর_ফারুক_চৌধুরীকে_সংগঠন_থেকে_অব্যাহতি
ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর আলোচনায় থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া যুবলীগে নতুনভাবে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। ​
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৯ ১৭:৫২ Asia/Dhaka
  • বহিষ্কৃত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী
    বহিষ্কৃত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর আলোচনায় থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া যুবলীগে নতুনভাবে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। ​

এর আগে বিকালে সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন যুবলীগ নেতারা। তবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না ওমর ফারুক চৌধুরী। এছাড়া সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও বৈঠকে দেখা যায়নি। যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের জ্যেষ্ঠ নেতারা গণভবনে যান।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেসের আগ পর্যন্ত এই কমিটিই সংগঠনের সব কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি।

প্রসঙ্গত সম্প্রতি যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর থেকে ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে।

আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকেই। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সম্পৃক্ততাও বেরিয়ে আসে।

তার আলোকে ইতিমধ্যেই ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা ছাড়াও তার বিদেশে যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পর থেকেই আড়ালে চলে যান ওমর ফারুক। উদ্ভূত পরিস্থিতিতে তাকে ছাড়াই সম্মেলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন সংগঠনটি। তাকে ছাড়াই হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সভা।

ক্যাসিনোকাণ্ডে সুবিধাভোগী হিসেবে নাম আসায় ওমর ফারুককে গণভবনে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।#

পার্সটুডে/ বাবুল আখতার /২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।