আওয়ামী লীগে অনুপ্রবেশ নিয়ে সরব নেতারা, সমালোচনায় বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i75228-আওয়ামী_লীগে_অনুপ্রবেশ_নিয়ে_সরব_নেতারা_সমালোচনায়_বিএনপি
'কেউ আওয়ামী লীগে যোগ দিলেই তাকে অনুপ্রবেশকারী বলা যাবে না'- এমনটি  উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আজ বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে গণসংগঠন। এখানে অন্য দল থেকে যোগ দিতে পারবে না, এমনটা নয়। যেকোনো দল থেকে যোগ দিতে পারে। তবে অবশ্যই তাকে আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী হতে হবে। কোন যুদ্ধাপরাধী বা যুদ্ধাপরাধীর দলের সঙ্গে জড়িত কাউকে দলে নেয়া সমুচিত নয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৩, ২০১৯ ১৪:৩৭ Asia/Dhaka

'কেউ আওয়ামী লীগে যোগ দিলেই তাকে অনুপ্রবেশকারী বলা যাবে না'- এমনটি  উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আজ বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে গণসংগঠন। এখানে অন্য দল থেকে যোগ দিতে পারবে না, এমনটা নয়। যেকোনো দল থেকে যোগ দিতে পারে। তবে অবশ্যই তাকে আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী হতে হবে। কোন যুদ্ধাপরাধী বা যুদ্ধাপরাধীর দলের সঙ্গে জড়িত কাউকে দলে নেয়া সমুচিত নয়।

তথ্যমন্ত্রী বুধবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা নানাভাবে অপকর্মের সাথে যুক্ত কিংবা আমাদের দলের বিরুদ্ধে, নেতাকর্মীদের নির্যাতনে জড়িত, তাদেরকে আমাদের দলে নেয়া উচিত নয়।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রায় দেড় হাজার অনুপ্রবেশকারীর তালিকা নিয়ে মাঠে নেমেছে দলটি। এ নিয়ে দলের শীর্ষ নেতারা বলছেন, স্থানীয় পর্যায়ে নিজের গ্রুপ ভারী করার জন্য যারা এরকম অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার।

তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অনুপ্রবেশ করার সুযোগ আমাদের দলের লোকরাই দিয়েছে। এটা করা উচিত হয়নি।

এ প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেছেন, আগামী ডিসেম্বরের সম্মেলনে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের স্ন করে দেবার জন্য অনুপ্রবেশকারীদের এ তালিকা করা হয়েছে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে, তাঁরা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাঁরা দেশের মানুষের অধিকার হরণ করেছেন। গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছেন তাঁরা।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ (বুধবার) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের পতন ঠেকাতে অহেতুক মিথ্যাচার করছে। বিএনপি থেকে কোনো নেতাকর্মী আওয়ামী লীগে যাওয়ার অবস্থা নেই, বরং আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা সৃষ্টি হয়েছে। যুবলীগের সম্মেলনে, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তারা পরস্পর মারামারি করছেন, হানাহানি করছেন। আমরা পত্রিকায় এসব দেখতে পারছি। এখন তাদের যে পতন, তা ঠেকিয়ে রাখার জন্য অহেতুক অপবাদ দিচ্ছে, মিথ্যাচার করছে।’

তবে, বিএনপির পক্ষ থেকে সরকারের শুদ্ধি অভিযানকে 'আইওয়াশ' বলে উল্লেখ করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী  ড. হাসান মাহমুদ আজ চট্টগ্রামে বলেছেন, এখনও তো বিএনপির যারা দুর্নীতিবাজ, তাদের ধরা হয়নি। সেজন্য হয়তো তারা এমনটা মনে করছে। বিএনপির যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে এবং সরকার, দেশ ও জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই তথ্য সরকারের কাছে আছে। এগুলো নিয়েও সরকার নিশ্চয়ই কাজ করছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।