ডায়াবেটিস অতিমহামারি আকার ধারণ করছে: বাডাস সভাপতি
https://parstoday.ir/bn/news/bangladesh-i75242-ডায়াবেটিস_অতিমহামারি_আকার_ধারণ_করছে_বাডাস_সভাপতি
আজ ১৪ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর এ দিবসটির প্রতিপাদ্য ‘আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ১১:২৫ Asia/Dhaka
  • ডায়াবেটিস অতিমহামারি আকার ধারণ করছে: বাডাস সভাপতি

আজ ১৪ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর এ দিবসটির প্রতিপাদ্য ‘আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি।’

এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান জানিয়েছেন,  ডায়াবেটিস অতিমহামারি আকার ধারণ করছে। এক সময় এ রোগটি অপ্রতিরোধ্য বলা হলেও বর্তমানে চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি হওয়ায় এটি প্রতিরোধযোগ্য।

এ রোগ প্রতিরোধের জন্য ইচ্ছাশক্তিই যথেষ্ট মন্তব্য করে তিনি আরও বলেন, ডায়াবেটিস হলে নিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস পরিবর্তন ও কায়িক পরিশ্রমের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ থাকা সম্ভব। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন প্রাণহানির কারণ হতে পারে। এ কারণে অতি মহামারি রোগটি প্রতিরোধে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে দেশব্যাপী ব্যাপক গণসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক গবেষণা জরিপে বলা হয়েছে, দেশে গর্ভকালীন সময়ে নারীদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। প্রতি ১০০ জন গর্ভবতী নারীর মধ্যে ২৬ জন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, সন্তান প্রসবের পরবর্তী এক বছরের মধ্যে ওই গর্ভবতী নারীদের ১৫ শতাংশ টাইপ-২ ডায়াবেটিস রোগীতে পরিণত হওয়ার আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে।

গত বছর দেশব্যাপী ৬৪ জেলার ৭ সহস্রাধিক গর্ভবতী নারীর ওপর এ গবেষণা জরিপ পরিচালিত হয়।

বাডাসের সেন্টার ফর গ্লোবাল রিসার্চে কো-অর্ডিনেটর বিশ্বজিৎ ভৌমিক গণমাধ্যমের কাছে বলেছেন, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীর সংখ্যা বৃদ্ধি পেলেও এসব নারীর চিকিৎসা পদ্ধতি কী হবে সে সম্পর্কে কোনো গাইডলাইন নেই। ফলে গর্ভকালীন নারীদের সুচিকিৎসার পথে এটি একটি বাধা।

ধূমপানবিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা এবং বারডেম হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান অধ্যাপক ডা. অরুপ রতন চৌধুরী জানান, ধূমপান ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। যারা তরুণ বয়সে ধূমপান শুরু করেন তাদের মধ্যে ২৫ শতাংশের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর যারা ধূমপান অব্যাহত রাখেন তাদের মধ্যে ২৫ গুণ বেশি হৃদরোগে আক্রান্ত হওয়া এবং ৫ গুণ বেশি জটিল রোগব্যাধিতে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। তামাক পাতা ও জর্দা যেমন ডায়াবেটিসের জন্য ক্ষতিকর, তেমনি ধূমপানও ডায়াবেটিসের জন্য মারাত্মক ক্ষতিকর।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।