দেশে ভিন্নমত স্তব্ধ করে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i76788-দেশে_ভিন্নমত_স্তব্ধ_করে_দেয়া_হচ্ছে_মির্জা_ফখরুল
বাংলাদেশে কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে স্তব্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে আমরা যে রাষ্ট্র তৈরি করেছি, সেখানে মানুষের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ একেবারে সাধারণ হয়ে গেছে। যে চিন্তা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই চিন্তা, চেতনা, ধারণাগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আজকে যারা শাসকগোষ্ঠী তারা খুব সচেতনভাবেই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২০ ১৩:৫৩ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে স্তব্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে আমরা যে রাষ্ট্র তৈরি করেছি, সেখানে মানুষের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ একেবারে সাধারণ হয়ে গেছে। যে চিন্তা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই চিন্তা, চেতনা, ধারণাগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আজকে যারা শাসকগোষ্ঠী তারা খুব সচেতনভাবেই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।

আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান মিঞার স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, খুব দুঃখ হয় যখন দেখি দেশের যারা গুণী মানুষ আছেন, তাদের কথা বলার কারণে কারাগারে পাঠানো হয়। যদিও তারা কোনো রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন না। ব্যারিস্টার মইনুল হোসেনকে শুধু ভিন্নমত পোষণ করার কারণে কারাগারে নিয়ে নিদারুণভাবে নির্যাতন করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা লেখেন, কথা বলেন এবং শুভ চিন্তা করতে চান আজকে তাদেরও পর্যদুস্ত করা হচ্ছে। দেশে আজ যারা ভিন্নমত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায় তাদের বিভিন্ন ভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে, ছিন্ন করা হচ্ছে, নিস্তব্ধ করে ফেলা হচ্ছে। এরমধ্যেই আমাদের উঠে দাঁড়াতে হবে। কথা বলতে হবে।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধীতে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ (শনিবার) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, দিনটি উপলক্ষে রোববার সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধীতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে। দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ সময়, প্রশ্নের জবাবে রিজভী বলেন, ৩০ জানুয়ারী ঢাকা সিটি নির্বাচনে সরকার ভোটসন্ত্রাসীর স্বমহিমায় আবিভুর্ত হয়েছে। এখন চূড়ান্ত ভোট ডাকাতির ড্রেসরিহার্সেল চলছে। আর নির্বাচন কমিশন সবকিছু ধ্বংস করে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সন্তুষ্টি বিধানের জন্য নৌকাকে বিজয় করতে কাজ করছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকৎসা দাবি করেন তিনি।#

 

পার্সটুডে/ শামস মন্ডল/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।