সরকারের মন্ত্রীদের বক্তব্য-বিবৃতিতে মানুষ এখন অতিষ্ট: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i77458-সরকারের_মন্ত্রীদের_বক্তব্য_বিবৃতিতে_মানুষ_এখন_অতিষ্ট_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অনিয়ম আর দুর্নীতি বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১২:৩৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অনিয়ম আর দুর্নীতি বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে।  

আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি-লুটপাট-টাকা পাচার-ব্যাংক ডাকাতি, অনাচার-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নৈতিক কিংবা সৎ সাহস কোনোটিই এ সরকারের নেই। জনগণের ভোট ছাড়া নির্বাচনের নামে রাতের ভোটে যে সরকারের জন্ম তাদের  দ্বারা সুশাসন সম্ভব নয়। তাদের দ্বারা উন্নত ও মানবিক সমাজ প্রতিষ্ঠাও সম্ভব নয়।

রিজভী বলেন, ব্যাংক থেকে টাকা মেরে বিভিন্ন সময় বিদেশে পালিয়ে গেছেন এমন শতাধিক লুটেরাকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণের টাকা তুলতে না পেরে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এসব ঋণকে মন্দ ঋণ (খেলাপি) ঘোষণা করতে বাধ্য হচ্ছে। এমনকি এদের কারণে একটি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন। বিদেশে করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। কয়েকশ কোটি টাকা লোপাট করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেন। এমন আরও অনেকে ব্যাংকের টাকা মেরে ব্যাংকক, দুবাই, অস্ট্রোলিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।’

বিএনপির মুখপাত্র রিজভী বলেন, পেঁয়াজ শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে। অথচ মধ্যরাতের সরকারের বাণিজ্যমন্ত্রী নিঃসঙ্কোচে বললেন, পেঁয়াজের দাম স্থিতিশীল হতে আরও কিছুটা সময় লাগবে। সরকারের মন্ত্রীদের বক্তব্য-বিবৃতিতে মানুষ এখন অতিষ্ট।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।