বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i77478-বঙ্গোপসাগরে_ট্রলারডুবি_আরও_এক_রোহিঙ্গা_নারীর_মৃতদেহ_উদ্ধার
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের কাছে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির চারদিন পর আজ সকালে সাগরে ভাসমান অবস্থায় আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১১:৩০ Asia/Dhaka
  • বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের কাছে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির চারদিন পর আজ সকালে সাগরে ভাসমান অবস্থায় আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক জানান, আজ (শনিবার) বেলা ১১টার দিকে সাগরে নিয়মিত টহলরত তাদের একটি টিম ছেঁড়াদ্বীপের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ভাসমান একটি মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। এটি একজন মধ্য বয়সী নারীর মৃতদেহ বলে সনাক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে নৌপথে মালয়েশিয়া যাওয়ার আশায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে শতাধিক রোহিঙ্গা টেকনাফের মহেশখালীয়াপাড়া এলাকা দিয়ে দু’টি ট্রলারে চেপে যাত্রা করেছিল। দালালদের মাধ্যমে দরিয়া পাড়ি দিতে যাওয়া এ হতভাগ্যদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু।  

মঙ্গলবার ভোর রাতে সেন্টমার্টিন উপকূলে রেআহিঙ্গা যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ-বাহিনী। এ সময় আরও ৭৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো অনেকের খোঁজ মেলে নি। 

ট্রলার ডুবির ঘটনায় নিহতদের মধ্যে নয়জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মৃতদেহ এখনো মর্গে  রাখা রয়েছে। আর আদালতের নির্দেশে উদ্ধার হওয়া নারী-পুরুষ ও শিশুকে স্ব স্ব ক্যাম্প ইনচার্জদের জিম্মায় দেয়া হয়।

অপরদিকে, ট্রলার ডুবির ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৯ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।