খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের তো রাস্তায় দেখি না: মওদুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i78041-খালেদা_জিয়ার_মুক্তির_জন্য_তাদের_তো_রাস্তায়_দেখি_না_মওদুদ
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যাদের রাস্তায় মিছিল করার কথা তাদের দেখতে পান না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভীর লেখা \'সময়ের স্বরলিপি\' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
    রুহুল কবির রিজভীর লেখা \'সময়ের স্বরলিপি\' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যাদের রাস্তায় মিছিল করার কথা তাদের দেখতে পান না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর লেখা 'সময়ের স্বরলিপি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, রিজভীর রক্তে পার্টি অফিস। মানে পার্টি ও দল একেবারে তার ধমনিতে মিশে গেছে। শত অত্যাচার-নিপীড়ন-নির্যাতন জেল জুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছে রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। সে দলটাকে পাহারা দিচ্ছে।

রিজভীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দলের জন্য রিজভীর অবদান, রিজভীর ত্যাগ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দিনের পর দিন সে পল্টন অফিসে দিন কাটায়। রিজভী এই অবদান দলের কোনো নেতাকর্মী ভুলতে পারবে না।

'সময়ের স্বরলিপি' প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আমাদের দেশে বই পড়ার লোক খুবই কম। দলের প্রত্যেক নেতাকর্মী এই বইটা যেন পড়েন। বইটি খ্যাতি লাভ করবে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই বই পড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।