করোনা নিয়ে সরকারের দায়িত্বহীনতা জনগণ ক্ষমা করবে না: বিএনপি মহাসচিব
-
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)
বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে সরকার যথাযথ প্রস্তুতি, উদ্যোগ, প্রতিরোধ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের উদাসীনতা জনগণ ক্ষমা করবে না।
আজ (মঙ্গলবার) সকালে নয়াপল্টনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির পূর্বঘোষিত সব কর্মসূচিও স্থগিত করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশ আজ করোনা ভাইরাসের শিকার। সরকারি ঘোষণা অনুযায়ী অন্তত তিন জন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন। গতকালও বিদেশ প্রত্যাগত আরও তিনজন বাংলাদেশীকে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপি, দেশের অনেক বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠান গত বেশ কিছু দিন ধরে এই সমস্যার সম্ভাবনার কথা বার বার বলার পরও সরকার শুধু জনগণকে আশ্বস্তই করেছে। করোনা নিয়ে সরকার কাজের কাজ কিছু করেনি।’
তিনি বলেন, ‘ইতালি থেকে ঢাকা প্রত্যাগত ২ ভাইয়ের রোগ বিমান বন্দরে শনাক্ত হয়নি। দেশে ফেরার ৪ দিন পর অবস্থার অবনতি হওয়া তারা যখন চিকিৎসায় উদ্যোগী হয়েছেন তখন সরকার তাদের হাসপাতালে স্থানান্তর করেছে। কিন্তু ইতোমধ্যে তাদের একজনের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিল, তাদের তৎক্ষণাৎ কোয়ারেন্টাইনে না নেওয়া সরকারের আরেকটি ব্যর্থতা। তিন দিন পর মাত্র গতকাল এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানা গেল। যে ফ্লাইটে তারা ঢাকা এসেছেন সেই ফ্লাইটের অন্যান্য যাত্রীরা, বিশেষ করে যারা কাছাকাছি বসেছিলেন, দীর্ঘ ভ্রমণের সময় তাদেরও আক্রান্ত হওয়ার সমূহসম্ভাবনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপারে জনসচেতনতা নিশ্চিত করার জন্য মিডিয়াসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যেমন তড়িৎ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উদ্যোগ নেয়া প্রয়োজন ছিল, তাও নেয়া হয়নি। মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে ধরনের প্রাক প্রস্তুতি প্রয়োজন ছিল, তাও নিতে ব্যর্থ হয়েছে সরকার। এমন পরিস্থিতিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রয়োজন বাড়বে জানা সত্ত্বেও তা যথেষ্ট পরিমাণে আমদানি কিম্বা উৎপাদনের ব্যবস্থা না নেয়ায় গত পরশু সন্ধ্যার মধ্যেই বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম কয়েকগুণ বেড়ে গেছে। ৪/৫ টাকার মাস্ক ৫০/৬০ টাকায় বিক্র হয়েছে এবং সন্ধ্যার পর বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি।’
এখন পর্যন্ত যে কটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার কথা বলা হচ্ছে, সেগুলোর মান এবং আক্রান্তদের সুচিকিৎসা দেয়ার সামর্থ নিয়ে গুরুতর প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না। কারণ, জনগণ ৭৪ এর মত আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না।’
বিএনপির সব কর্মসূচি স্থগিত
মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল দেশের সকল মহানগর ও জেলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটায় জনসমাবেশে আগতগণ যাতে ভাইরাসের ঝুঁকিতে না পড়েন, সেজন্য পূর্বঘোষিত কর্মসূচি আমরা আপাতত স্থগিত ঘোষণা করছি।’
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সব পর্যায়ের নেতাকর্মীদের এবং দেশবাসীকে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা প্রদান ও এই রোগ যাতে আর না ছড়ায় সে লক্ষ্যে জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান মির্জা ফখরুল।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি
চলমান পরিস্থিতি অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনাভাইরাস সারা পৃথিবীতে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে অবিলম্বে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা উচিত। পথম ধাপে অন্তত দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠাত বন্ধ রাখা যেতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদসহ অন্যরা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।