করোনা প্রতিরোধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঢেউ লেগেছে বাংলাদেশেও। এ ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আজ (রোববার) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।
স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ
করোনার বিস্তার রোধে বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশে বলা হয়েছে, আজ (রোববার) থেকেই এই নির্দেশনা কার্যকর হবে।
নির্দেশনা বলা হয়, বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।
এইচএসসি পরীক্ষা স্থগিত
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী তারিখ জানানো হবে। আজ (রোববার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে গতকাল (শনিবার) পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় দেশের সব শিক্ষাবোর্ড। এবার পরীক্ষা স্থগিতেরই সিদ্ধান্ত আসলো।
জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালত বন্ধ
দেশের নিম্ন আদালতে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ (রোববার) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক সার্কুলারে প্রধান বিচারপতির আদেশক্রমে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত উদ্ধুত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালত সমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এই উদ্দেশ্যে দেশের অধস্তন আদালত সমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক।
এমতাবস্থায় দেশের অধস্তন আদালত সমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হলো।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।