করোনাভাইরাস: মিরপুরে আরেক বৃদ্ধের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী
https://parstoday.ir/bn/news/bangladesh-i78488-করোনাভাইরাস_মিরপুরে_আরেক_বৃদ্ধের_মৃত্যু_আতঙ্কে_এলাকাবাসী
বাংলাদেশের রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে রোববার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে টোলারবাগের করোনাভাইরাসে যে ব্যক্তি মারা গেছেন, তার সঙ্গে এই বৃদ্ধের ঘনিষ্ঠতা ছিল। পরপর দুদিন দুই জনের মৃত্যুতে উত্তর টোলারবাগের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২২, ২০২০ ২১:০৩ Asia/Dhaka
  • করোনাভাইরাস: মিরপুরে আরেক বৃদ্ধের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশের রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে রোববার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে টোলারবাগের করোনাভাইরাসে যে ব্যক্তি মারা গেছেন, তার সঙ্গে এই বৃদ্ধের ঘনিষ্ঠতা ছিল। পরপর দুদিন দুই জনের মৃত্যুতে উত্তর টোলারবাগের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৬ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান। ওই ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ ছিল বলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিশ্চিত করেছে। আইইডিসিআরের তত্ত্বাবধানে তার দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

টোলারবাগ এলাকার ভবন মালিক সমিতির সভাপতি শুভাশিষ বিশ্বাস গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তি উত্তর টোলারবাগের বাসিন্দা এবং সেখানকার দারুল ইহসান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মিরপুরের ডেল্টা হাসপাতালে করোনাভাইরাসে মৃত ব্যক্তির প্রতিবেশী ছিলেন এই বৃদ্ধ। তারা দুজনই একই মসজিদে নামাজ পড়তেন। দুজন খুব ঘনিষ্ঠ ছিলেন। থাকতেন পাশাপাশি বাসায়।

দুই-তিনদিন ধরে এই বৃদ্ধের জ্বর ও শ্বাসকষ্ট ছিল জানিয়ে শুভাশিষ বিশ্বাস বলেন, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিল। পরে আইইডিসিআর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

পরে এই ব্যক্তিকে বাসায় ফেরত আনা হয়েছিল জানিয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, বিকালে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রথম ব্যক্তির মৃত্যুর পর শনিবার (২১ মার্চ) ভোর থেকে ওই ভবনের ৩০টি পরিবারকে নজরদারিতে আনা হয়। লকডাউন করা হয় ভবনটি। তবে মৃত ব্যক্তি কীভাবে করোনা আক্রান্ত হন, তা নিশ্চিত হওয়া যায়নি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।