বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৩: আইইডিসিআর
https://parstoday.ir/bn/news/bangladesh-i78508-বাংলাদেশে_করোনায়_আরও_একজনের_মৃত্যু_আক্রান্ত_বেড়ে_৩৩_আইইডিসিআর
বাংলাদেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৩, ২০২০ ১৫:০৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
    সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

বাংলাদেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

আজ (সোমবার) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ের প্রথম দিনে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, দেশে এখন পর্যন্ত আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকা শহরের ভেতরেই ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিন জন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ, এক তৃতীয়াংশ নারী। ১০ বছরের নিচে আছে দুজন, ২০ বছরের মধ্যে একজন, ৩০ বছরের মধ্যে নয়জন, ৪০ বছরের মধ্যে নয়জন, ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন।’

ডা. ফ্লোরা আরও বলেন, ‘সংক্রমিতদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন, আর বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন। এই ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালি বাদে ইউরোপের অন্যান্য দেশে থেকে দুজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন। 

রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পর পর দুই ব্যক্তি মারা যাওয়ার পর এলাকায় মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে পুলিশ। এলাকাল বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।#   

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।