বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬, আইসোলেশনে ৪০
-
অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা (ফাইল ফটো)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চার জন মারা গেল। নতুন করে ছয় জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া, করোনা সন্দেহে শনাক্তদের মধ্যে ৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়োরেন্টিনে রয়েছেন ৪৬ জন।
আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, আক্রান্ত ছয় জনের মধ্যে একজন সৌদি আরব থেকে ওমরা হজ করে এসেছেন, চার জন আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন এবং বাকি একজনের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি; পেলে জানানো হবে।
ডা. ফ্লোরা বলেন, করোনা সন্দেহে এ পর্যন্ত আইইডিসিআরে ৭১২ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মাঝে নতুন করে ছয়জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যার মাঝে একজন মারা গেছেন। যিনি মারা গেছেন তার বয়সও ৭০ এর বেশি। ‘করোনায় আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা বারবার বলছি, এই রোগ প্রতিরোধে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। সামাজিক বিচ্ছিন্নকরণের মাধ্যমে করোনা প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, এতে সকলের অংশগ্রহণ একান্ত কাম্য। অনেকেই দেখা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের দিকে ঝুঁকছেন, তবে সম্ভব হলে বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানাব, যাত্রী পরিবহনের পরে যেন সিটগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়, সে বিষয়ে তারা নজর দেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।