বাংলাদেশে ২ চিকিৎসকসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর
-
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ নতুন করে চারজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১১ জন।
আজ (শুক্রবার) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজন আগে থেকে চিহ্নিত ছিলেন। এছাড়া বাকিদের প্রথম কোথা থেকে ছড়িয়েছে, তা এখনও পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায়নি। আমরা তথ্য অনুসন্ধান চালাচ্ছি। এছাড়া এই চারজনের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। অরেকজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন। আবার ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আরেকজন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই চারজনের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়েছিলেন। এছাড়া চারজনের মধ্যে দুইজন ঢাকার বাইরে। আর দুইজন ঢাকার মধ্যে অবস্থান করছেন। আবার চারজনের মধ্যে দুইজনের দীর্ঘমেয়াদি রোগ আছে চিহ্নিত করা হয়েছে। তবে চারজনই এখন শারীরিকভাবে স্বাভাবিক রয়েছেন। তাদের মধ্যে কোনো রকমের জটিলতা নেই। এছাড়া আমাদের আগের যারা করোনা আক্রান্ত, তাদের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যেও কোনো ধরনের জটিলতা নেই।
আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ফোন কল এসেছে তিন হাজার ৩২১ জনের। আর ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগে শুধু বিদেশিদের পরীক্ষা করা হতো। এখন লক্ষণ উপসর্গ দেখা দিলেও পরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনসহ মোট এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, আইইডিসিআর ছাড়াও এখন ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও ঢাকা শিশু হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তেও করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তে পরীক্ষা করা হচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এর আগে সিঙ্গাপুরের একটি সংগঠন করোনাভাইরাস পরীক্ষার ১০ হাজার কিট পাঠিয়েছিল। চীন গতকালও কিছু কিট পাঠিয়েছে। এছাড়া দেশটি কিছু সুরক্ষা সরঞ্জামও (পিপিই) পাঠিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থার বাইরে দেশে ব্র্যাক ও আইসিডিডিআরবি’র মতো প্রতিষ্ঠানগুলোও পিপিই সরবরাহ করছে।
মসজিদে বিশেষ মোনাজাত
আজ শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে করোনা থেকে রক্ষা পেতে আল্লাহ তা’য়ালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
চট্টগ্রামে সম্মিলিত আজান
ওদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ঘাতকব্যাধি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের উপজেলা ও পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টায় সম্মিলিতভাবে বিশেষ আজান ধ্বনি শোনা গেছে। লকডাউনে সুনসান নগরের রাতের নিস্তব্ধতাকে ভেঙে সম্মিলিতভাবে আজানের সেই ধ্বনি ছড়িয়ে পড়ে। বিভিন্ন মসজিদে আর ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে নগরবাসী ধীর লয়ে করুণ সেই সুরে আজানের বাণী উচ্চারণ করেন।
জানা গেছে, কয়েকটি ইসলামী সংগঠনের আহ্বানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে এই সম্মিলিত আজানের উদ্যোগ নেয়া হয়।

জুম্মার নামাজে উপস্থিতি সীমিত রাখার অনুরোধ
এদিকে, আজ শুক্রবার মসজিদে জুমার জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী এ অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে না যাওয়ার আহ্বানও জানায় ইফা। এর আগে গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের নিরাপদ রাখতে বেশকিছু পরামর্শ দেয়।
গার্মেন্টস কারখানা বন্ধে বিজিএমইএ'র আহ্বান
শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। গতরাতে এক বার্তায় কারখানা মালিকদের উদ্দেশে রুবানা হক বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়ে সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করার আহবান জানান রুবানা হক।
সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, ‘তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এমন কারখানাগুলো খোলা থাকবে বলে জানা গেছে।’
তবে, খোলা রাখা কারখানাগুলোকে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
ভারত থেকে আসা সাতজন কোয়ারেন্টিনে
করোনাভাইরাস সংক্রমণের মাঝে ভারত থেকে ফেরা সাত পাসপোর্টধারী যাত্রীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোয়ারেন্টিনে ভর্তি করা হয়।
সাতক্ষীরায় হোম কোয়ারেনটাইনে ৭৫০ জন
করোনায় আক্রান্ত হয়ে লকডাউনের কবলে বন্দি ভারতের পশ্চিমবাংলার সীমান্তে অবস্থিত সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।
এ নিয়ে গত ১১ দিনে সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিদেশ ফেরত ২ হাজার ৫২ জন। এদের মধ্যে বেশির ভাগই ভারত থেকে এসেছেন। জেলায় গত ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত বিদেশ থেকে আসা লোকের সংখ্যা ৯,৬১৪ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছেন ৭,৫৬২ জন।

গাজীপুরে ৫৭৯ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে
রাজধানী ঢাকার পার্শবর্তী গাজীপুরে ৫৭৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে এবং ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া, গাজীপুর জেলায় বিদেশফেরত সহস্রাধিক নাগরিককে পুলিশ ও গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট কর্মীরা খুঁজছেন।
সামাজিক বিচ্ছিন্নকরণ তৎপরতা
করোনার সংক্রমণরোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে সারাদেশে। করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে গতকাল থেকে শুরু হয়েছে ১০ দিনের সাধারণ ছুটি। সর্বত্রই বিরাজ করছে সুনসান নীরবতা। জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া নিরুৎসাহিত করা হয়েছে। জেলায় জেলায় নিয়োজিত সেনাবাহীনি নিরাপত্তা নিশ্চিতকরণের এ কাজে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।
এদিকে অঘোষিত লকডাউনের মধ্যেও জরুরি কাজে বা কেনাকাটার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।