৪ এপ্রিল পর্যন্ত সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিকেএমইএ
https://parstoday.ir/bn/news/bangladesh-i78610-৪_এপ্রিল_পর্যন্ত_সব_পোশাক_কারখানা_বন্ধ_ঘোষণা_করল_বিকেএমইএ
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) করোনা ভাইরাসের কারণে তাদের সব পোশাক কারখানা আগামীকাল (শনিবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিকেএমইএ কর্তৃপক্ষ আজ (শুক্রবার) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৭, ২০২০ ১১:২৬ Asia/Dhaka
  • ৪ এপ্রিল পর্যন্ত সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিকেএমইএ

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) করোনা ভাইরাসের কারণে তাদের সব পোশাক কারখানা আগামীকাল (শনিবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিকেএমইএ কর্তৃপক্ষ আজ (শুক্রবার) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশের করোনাভাইসের বিস্তার ঠেকাতে ও শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক বার্তায় কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এমন কারখানাগুলো খোলা থাকবে। তবে, খোলা রাখা কারখানাগুলোকে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি রূপ নেয়ায় সর্তক অবস্থানে যায় বাংলাদেশ সরকার। কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় ঘোষণা করা হয়েছে লকডাউন। সতর্কতা হিসেবে নাগরিকদের ঘরে অবস্থানের পরামর্শ দিয়ছে সরকার। জনগণের নিরাপত্তা  ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ফার্মেসির পর শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে দোকানে বসে কেউ খেতে পারবেন না। কারো প্রয়োজন হলে খাবার কিনে বাসায় নেয়া যাবে।

রাজধানীতে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম চলছে

ছাড়া, করোনাভাইরাস রোধে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে রাজধানীজুড়ে। শুক্রবার সকাল থেকেই সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হয়।

প্রকৌশল বিভাগ, সিটি করপোরেশনের ৮টি গাড়িতে করে প্রথমে মিরপুরের ৬০ ফিট, টোলারবাগ ও আগারগাঁও এলাকায় ছিটানো জীবাণুনাশক স্প্রে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এ জীবাণুনাশক কার্যক্রম চালানো হয়।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেলে  চলবে এই  জীবানুনাশক  কার্যক্রম। সিটি করপোরেশনের সঙ্গে এ কার্যক্রমে অংশ নেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭