মাস্ক না পরায় ৩ বৃদ্ধকে কান ধরে উঠবস, সেই এসিল্যান্ডকে প্রত্যাহার
https://parstoday.ir/bn/news/bangladesh-i78624-মাস্ক_না_পরায়_৩_বৃদ্ধকে_কান_ধরে_উঠবস_সেই_এসিল্যান্ডকে_প্রত্যাহার
যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় তুমুল সমালোচনার মুখে উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। সরকারি ছুটি শেষে অফিস খোলার পরপরই এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৮, ২০২০ ০৭:১৯ Asia/Dhaka
  • এসিল্যান্ড সাইয়েমা হাসান
    এসিল্যান্ড সাইয়েমা হাসান

যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় তুমুল সমালোচনার মুখে উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। সরকারি ছুটি শেষে অফিস খোলার পরপরই এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে।

আজ (শনিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। তিনি বলেন, ‘মনিরামপুরের যে তিনজন বয়োজ্যেষ্ঠ নাগরিকের সঙ্গে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেজন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আমরা দুঃখ প্রকাশ করছি।’

খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘সাইয়েমা হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যাহার করেছে। তার স্থানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।’

যশোরের মনিরামপুর উপজেলায় মাস্ক ব্যবহার না করায় শুক্রবার তিন বৃদ্ধকে জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও সমালোচনার ঝড়ে উঠেছে।

বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি নিজেই মোবাইলে ধারণ করেন সাইয়েমা হাসান

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৃদ্ধদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি তিনি নিজেই মোবাইলে ধারণ করেন। পরে শুক্রবার রাতেই এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।

করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকাল থেকে ভ্রাম্যমাণ আদালত মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশেই বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তবে তাদের মুখে মাস্ক ছিল না।

পুলিশ এ সময় ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন জনসম্মুখে। শুধু তাই নয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। পরবর্তীতে আরও এক ভ্যানচালক বৃদ্ধকেও একইভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন তিনি।

এসি ল্যান্ড সাইয়েমা হাসান স্থানীয় সাংবাদিকদের কাছে বৃদ্ধদের এ শাস্তি দেয়ার সত্যতা স্বীকার করেন।#