করোনাভাইরাস
গুজবে কান দেবেন না- কাদের : গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
-
ওবায়দুল কাদের।
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (রোববার) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায়, এদেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। কোনো দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনোপ্রকার গুজবে কান দিবেন না।’
তিনি বলেন, 'আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধ্বনি ও বিত্তবানদের আহ্বান জানাই, মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন।'
কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
এদিকে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ সর্তক করে দিয়ে বলেছেন, করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের সাইবার ইউনিট এ ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছে।
আজ রাজধানীর পুলিশ সদর দপ্তরে চীনের একটি বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধক পিপিই সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে কেউ গুজব ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জাতির এ ক্রান্তিলগ্নে জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন।
এ সময় মাঠ পর্যায়ে আরও মানবিক আচরণ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি নির্দেশ প্রদান করেন আইজিপি।
তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অনেকে পুলিশের সমালোচনা করছেন, তারপরও পুলিশ মানুষের জান মালের নিরাপত্তার পাশাপাশি করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাঠে কাজ করছেন।
আইজিপি বলেন, পুলিশ করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে আজ পর্যন্ত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে দেশব্যাপী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা জঙ্গি দমন ও মাদক দ্রব্য প্রতিরোধে অনেকটা সফল হয়েছি। আশাকরি, করোনা প্রতিরোধেও সফল হবো।
করোনো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৬
ওদিকে, করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে শনিবার সন্ধ্যায় রাজধানীতে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
‘মুসলমানদের জন্য করোনা ভাইরাস কোন আতঙ্কের কারণ নয়, বরং কাফিরদের প্রতি চরম আযাব-গজব' এই শিরোনামের লিফলেট বিতরনের সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে এবং মৌচাক থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ দাবী করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে লিফলেট ও তাদের বহনকারী একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।