করোনার ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কাদেরের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/bangladesh-i78998-করোনার_ত্রাণ_বিতরণে_অনিয়ম_সহ্য_করা_হবে_না_কাদেরের_হুঁশিয়ারি
​​​​​​​করোনা নামক অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিকতার সংঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১১, ২০২০ ১৩:৩৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

​​​​​​​করোনা নামক অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিকতার সংঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শনিবার) সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। এসময় ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব যারা বজায় রাখতে পারবেন না তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই চলমান প্রয়াস আরও জোরদার করতে হবে।

তিনি আরো বলেন, ত্রাণ বিতরণের নামে কোনো অনিয়ম সহ্য করা হবে না, খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিতে হবে।

মাহাবুব-উল আলম হানিফ

ত্রাণ জালিয়াতি আমরা বরদাস্ত  করব না: হানিফ

করোনা পরিস্থিতিতে যারা ত্রাণসামগ্রী আত্মসাৎ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

আজ (শনিবার) এক ভিডিও বার্তায় তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু খবর দেখতে পেলাম। এই করোনাভাইরাসের মহামারী চলাকালে অসহায় মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি অবাক হয়ে যাই, কারা এইসব মানুষ? যারা এই- রোগের সময়ও এই অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে?

হানিফ আরও বলেন, এদের মানুষ বলা যায় না, এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি ও নিন্দা জানাই। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশনা দিন। এই ত্রাণ যাতে কেউ আত্মসাৎ করতে না পারে এবং  সে ব্যপারে কঠোর ব্যবস্থা নিন। যদি কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠে ত্রাণ আত্মসাতের, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।

তিনি বলেন, এই অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ জালিয়াতি আমরা বরদাস্ত করব না। আমরা কঠোরভাবে এটা দমন করতে চাই।

এছাড়া এই দুর্যোগের সময় যারা সামনে থেকে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এসময় সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, চিকিৎসক, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের মানুষকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু বারবার সতর্ক করার পরেও আমাদের কিছু মানুষের ভুলে সমগ্র দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

ড. অলি আহমদ বীর বিক্রম

প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি

ক্রান্তিকালে যারা চাল চুরি করে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

শনিবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাসের মত এতো বড় মহামারির মধ্যেও দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাউল আত্মসাৎ করছে। এ ধরনের পশুদের বেঁচে থাকার অধিকার নেই। এদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।