এবার কৃষি খাতে ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i79016-এবার_কৃষি_খাতে_৫_শতাংশ_সুদে_৫_হাজার_কোটি_টাকার_প্রণোদনা_ঘোষণা
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১২, ২০২০ ০৮:৩৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ (রোববার) গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ প্রণোদনার ঘোষণা দেন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকার নতুন একটি স্কিম গঠন করবে। এখানে শুধু কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ড তৈরি করব। এখানে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এই তহবিল থেকে গ্রামাঞ্চলে যাঁরা ক্ষুদ্র ও মাঝারি চাষি, তাঁদের দেওয়া হবে। যাঁরা পোলট্রি, কৃষি ফার্ম, ফলমূল, মসলাজাতীয় খাদ্যপণ্য উৎপাদন করবেন, তাঁরা এখান থেকে ঋণ নিতে পারবেন, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং সরবরাহ হয়।’

কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিকাজ অব্যাহত রাখার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যে বোরো ধান উঠবে। আর কৃষক যেন এই ফসলের ন্যায্য দাম পায়, সেদিকে লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গতবারের চেয়ে বেশি এবার ধান চাল ক্রয় করবে। দুই লাখ মেট্রিক টন বেশি ক্রয় করবে।’

প্রধানমন্ত্রী জানান, সারের ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা, কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য ১০০ কোটি টাকা, বীজের জন্য ১৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, করোনাভাইরাস সারা বিশ্বকে এমনভাবে নাড়া দিয়েছে, এখানে কিন্তু খাদ্যাভাব মারাত্মকভাবে দেখা দিতে পারে। কিন্তু বাংলাদেশে আমাদের মাটি আছে, মানুষ আছে। আমাদের মাটি উর্বর। আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারব যদি আমরা যথাযথভাবে খাদ্য উৎপাদন করতে পারি। সেই উৎপাদন করতে যাতে দেশের মানুষ কষ্ট না পায়। কারও জমি যেন অনাবাদি না থাকে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আরেকটা উদ্যোগ চলমান রয়েছে। সেটা হলো— কেউ যদি পেয়াজ, মরিচ, রসুন, আদাসহ মসলা জাতীয় কিছু উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র চার শতাংশ সুদে তাদের ঋণ দেওয়া হয়। সেটা অতীতে আমরা কার্যকর করেছি। সেটা অব্যাহত আছে, অব্যাহত থাকবে।’ 

বেশি বেশি নামাজ ও দোয়া পড়ার আহ্বান

এ সময় করোনাভাইরাস সংকট থেকে রক্ষায় ঘরে বসে বেশি বেশি নামাজ ও দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনারা জানেন, সৌদি আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, ঘরে বসে নামাজ ও দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। কাজেই ঘরে বসে যত বেশি দোয়া পড়া যায়..এখনতো কাজ নেই বেশি। কাজেই বেশি বেশি করে নামাজ দোয়া পড়তে হবে। যাতে আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।

প্রধানমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে কেউ শ্বশুরবাড়ি বা আত্মীয়ের বাড়িতে যাওয়া আপাতত বন্ধ রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর যেতে পারবেন। বর্তমানে স্থানান্তর হওয়া যাবে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

পয়লা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ থাকবে

বাংলা নববর্ষে বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অনেকেই কথা শুনতে চান না। যার কারণে সংক্রমিত হয়। অনেকগুলো জেলায় সংক্রমিত হয়েছে। এটা যেন না বাড়ে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। পয়লা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ থাকবে। পরিবার উৎসব নিয়ে করুন।’

শেখ হাসিনা বলেন, নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশে কিছু কিছু উদ্যোগও নেওয়া যেতে পারে মানুষের বাসায় জিনিস পৌঁছে দেওয়ার। এতে কিছু লোকের কর্মসংস্থানও হবে। হাটবাজার পুরোপুরি বন্ধ না রেখে বড় মাঠ বা খোলা দেখে নির্দিষ্ট জায়গায় দূরত্ব বজায় রেখে সপ্তাহে এক দিন অন্তত করা যেতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত ১৫টি জেলার সরকারি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।