বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণের চাল চুরি: চলছে বিক্ষোভ, প্রতিবাদ, গ্রেপ্তার
বাংলাদেশে করোনাজনিত আপদকালীন ত্রাণের দাবিতে গতকাল শনিবার অন্তত: চার জেলায় পাঁচটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত কর্মহীন দরিদ্র অসহায় মানুষ।
বিক্ষোভ হয়েছে জামালপুরের দু’টি উপজেলায়। সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামের বিক্ষোভকারীরা জানিয়েছেন, করোনার কারণে গ্রামের বেশীরভাগ মানুষ গত দু সপ্তাহ ধরে কর্মহীন। আয়-রোজগার বন্ধ। খাবারও জুটছে না। জরুরি ত্রাণ না পেলে বেঁচে থাকা দায়।
সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার গ্রামের হতদরিদ্য মানুষও রাস্তায় গতকাল সড়কে বিক্ষোভ করেছে খাদ্যের দাবিতে।
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালমারী ইউনিয়নের কর্মহীন দিনমজুরেরা খাদ্য ও জরুরী ত্রাণের দাবিতে গতকাল এরকম বিক্ষোভ করেছে স্থানীয় পশ্চিম পিয়ারপুর ফরাজখাঁ বাজার এলাকায়। মানববন্ধনে বোয়ালী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন এসব মানুষ। কয়েকজন অভিযোগ করেন, গ্রামে কাজ নেই। তাঁরা ঘরবন্দী থেকেও খাদ্যসহায়তাও পাচ্ছেন না। সরকারি খাদ্যসহায়তা পেতে সেনাবাহিনীর মাধ্যমে খাবার বিতরণের দাবি জানিয়েছেন তাঁরা।
নীলফামারীর সৈয়দপুর শহরের উত্তরা আবাসন এলাকায় বসবাসরত শহুরে গরীবেরাও খাদ্য ও ত্রাণের দাবিতে রাস্তায় নেমে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ করেছে।
এদিকে ত্রাণ না পেয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের অফিস ঘেরাও করেছে স্থানীয় কর্মহীন অস্বচ্ছল ৩০০ পরিবারের সদস্যরা।
প্রান্তিক জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়াতে হবে: হোসেন জিল্লুর
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি সংস্থা ব্রাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গণমাধ্যমে বলেছেন, তিনি এখন একটা স্বল্পমেয়াদী দরিদ্রবৃদ্ধির বাস্তবতা দেখতে পাচ্ছেন। আমাদের অন্তত: ৪০ লক্ষ মানুষের খাদ্যের সংস্থান এখনি করতে হবে। চা শ্রমিক বা বেদে সম্প্রদায়ের মত নিরব দরিদ্রগোষ্ঠীকেও হিসেবে নিতে হবে। এভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে হিসাব করলে সংখ্যা এক কোটিতে গিয়ে ঠেকবে। রাষ্ট্র এদের সাহায্য দিলেও বিত্তবানদেরকেও সামাজিক দায়বদ্ধতা থেকে এসব দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়াতে হবে।
কৃষি শ্রমিকদের মাঠে যেতে সাহায্য করা হবে: প্রধানমন্ত্রী
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বলেছেন, এখন ধানকাটার মওসুমে কৃষি শ্রমিকদের মাঠে যেতে সাহায্য করা হবে যাতে তাদের আয়ের সংস্থান হয়। তাছাড়া কর্মহীন মানুষদের ঘরে খাবার পৌঁছে দেওয়া ও কম মূল্যে চাল সরবরাহের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
চুরির কারণে সংকট অরো বৃদ্ধি পাচ্ছে: বামদল
তবে বাম গণতান্ত্রিক জোটের নেতা সাইফুল হক বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য কিছু নেই। যে সব ত্রাণ বা কম মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে তা যেমন অপ্রতুল তেমনি বণ্টন ব্যবস্থাপনা দলীয়করণ এবং চুরির কারণে সংকট অরো বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থা থেকে রক্ষা পেতে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সাথে নিয়ে দরিদ্রদের জন্য খাদ্য কর্মসূচি পরিচালনা করতে হবে।
করোনা রোগীর চেয়ে চাল চোরের সংখ্যা বেশি: বিএনপি
এদিকে বিএনপিও অভিযোগ করেছে, সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে, তা পর্যাপ্ত নয়। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর যে সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।
আজ (রোববার) এক ভিডিও ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়ার দাবি জানান রিজভী।
এর আগে গতকাল এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রাটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ওলি আহমেদ দাবি করেছেন, জাতির এই ক্রান্তি লগ্নে যারা গরীবের হক মেরে খায়, তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত।
সরকারি চাল উদ্ধার ও গ্রেপ্তার
দেশব্যাপী করোনা আতঙ্ক এবং খাদ্যের দাবিতে বিক্ষোভের মাঝেও সরকারি সাহায্য এবং ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। সরকার দলীয় লোকদের গুদাম বা বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে ত্রাণের চাল। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
সরকারের খাদ্য-বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের দায়ে গতকাল দেশের ছ’টি জেলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাসহ গ্রেপ্তার হয়েছে সাতজন। উদ্ধার করা হয়েছে প্রায় ৫৫ টন চাল। এ ছাড়া, তিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড হস্তগত করা ও চাল আত্মসাতের দায়ে তিনজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
বগুড়ায় দুই আওয়ামী লীগ নেতা আটক
বগুড়ার নন্দীগ্রামে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে মজুত করার অভিযোগে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকায় বিক্রির জন্য) ১৬৮ বস্তা চাল।
এই দুই আওয়ামী লীগ নেতা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং তাঁর সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।
এ ছাড়া, বগুড়ার সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ গ্রামের স্থানীয় কৃষকলীগ নেতা মিঠু মিয়ার বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাটে ২৫ টন চাল উদ্ধার
গতকাল শনিবার বিকেলে জয়পুহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও স্থানীয় ডিগ্রি কলেজের শিক্ষক আল ইসরাইলের গুদাম থেকে সরকারি সাহায্যের ২৫ টন চাল উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে আল ইসরাইলকে।
জামালপুর আওয়ামী লীগ নেতার গুদাম থেকে চাল উদ্ধার
গতকাল জামালপুর শহরের নরুনই বাজারে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সাত টন সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তুলসিচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেনকে।
নেত্রকোনা চাল চুরির অভিযোগে গ্রেপ্তার দুই
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৯০ বস্তা চাল চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ডিলার আমিনুর রহমান ও ভাংগারী ব্যবসায়ী সাইফুল মিয়াকে।
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার দিগদাইড় ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ট্রলিচালক উজ্জ্বল ও চাল ব্যবসায়ী চাঁন মিয়া।
ভোলায় ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের পাশের এক বাড়ী থেকে শুক্রবার রাতে ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুককে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতিসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।