বাংলাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৮২ জন শনাক্ত
https://parstoday.ir/bn/news/bangladesh-i79044-বাংলাদেশে_করোনায়_আরও_৫_জনের_মৃত্যু_একদিনে_সর্বোচ্চ_১৮২_জন_শনাক্ত
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৯। এসময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮২ জন যা একদিনে সর্বোচ্চ। এরফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৩, ২০২০ ১০:৫২ Asia/Dhaka
  • করোনায় মৃত ব্যক্তির কফিন
    করোনায় মৃত ব্যক্তির কফিন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৯। এসময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮২ জন যা একদিনে সর্বোচ্চ। এরফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। 

আজ (সোমবার) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৩টি। আর চিকিৎসা নিয়ে আর ৩ জনসহ মোট ৪২ জন সুস্থ হয়েছেন।

জাহিদ মালেক বলেন, 'দেশে ইতোমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। এটা যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের হাসপাতাল ও অন্য ব্যবস্থাপনাকে মজবুত করছি। কোনো দেশ লাখ লাখ মানুষের চিকিৎসা হাসপাতালে দিতে পারে না।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা কোভিড যোদ্ধা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালেও সেবা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

তিনি বলেন, ‘আমাদের মূল মন্ত্র হলো ঘরে থাকুন, সুস্থ থাকুন। আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, দেশকে বাঁচান।’ 

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৫ জনকে। এ ছাড়া মোট আইসোলেশনে আছেন ২৯৯ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করা স্ক্রিনিং করা হয়েছে ২৯৭ জনকে। এর মধ্যে বিমান বন্দরে স্ক্রিনিং করা হয়েছে ২২ জনকে। স্বাস্থ্য অধিদফতর থেকে ২৩টি গাইডলাইন করা হয়েছে। এছাড়া করোনা মোকাবিলায় ১০টি সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। আগামী দুই সপ্তাহে আরও দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে জানানো হয়।

‘সমন্বিত উদ্যোগ’ এবং ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার দাবি 

এদিকে, নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ‘সমন্বিত উদ্যোগ’ এবং ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার দাবি উঠেছে সর্বদলীয় পরামর্শ সভায়। সোমবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই ‘সর্বদলীয় সভা’ অনুষ্ঠিত হয়। বিএনপি, সিপিবি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লিবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টিসহ বিভিন্ন বাম সংগঠনের শীর্ষ নেতারা স্কাইপের মাধ্যমে এই সভায় অংশ নেন।

সকল দলের নেতাদের বক্তব্য শেষে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, "আপনাদের বক্তব্য আমি সমর্থন করি। জাতীয় চ্যালেঞ্জ হিসেবে আমাদের এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা করতে হবে। এককভাবে এটা সম্ভব না। সম্মিলিতভাবে করতে হলে মতবিনিয়ম করা, ঐক্যমত গঠন করা এবং সারা জাতিকে সম্পৃক্ত করা প্রয়োজন।"#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।