বাংলাদেশে নতুন ৪ জনসহ করোনায় মৃত্যু ৫০, নতুন শনাক্ত ২১৯: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79095-বাংলাদেশে_নতুন_৪_জনসহ_করোনায়_মৃত্যু_৫০_নতুন_শনাক্ত_২১৯_স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০ জনে। এছাড়া, নতুন শনাক্ত হয়েছেন আরো ২১৯ জন। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১০:২৭ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০ জনে। এছাড়া, নতুন শনাক্ত হয়েছেন আরো ২১৯ জন। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে।

আজ (বুধবার) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। বক্তব্যের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান এবং তাঁর পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বলে জানান মন্ত্রী।  

রাজধানীর মহাখালী থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

ব্রিফিংয়ে জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১২৩১ জন। এছাড়া, নতুন ৭ জনসহ মোট ৪৯ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে তিনি জানান।

করোনা রোগীদের চিকিৎসায় সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার এবং দিয়াবাড়িতে ১২০০ বেড প্রস্তুত করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনও ১৩০০ বেড প্রস্তুতে কাজ চলছে। সব মিলিয়ে রাজধানীতে সাড়ে চার হাজার বেড প্রস্তুত করা হচ্ছে।’

করোনা পরীক্ষায় সারা দেশে ২০টি ল্যাব চালু করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানান। 

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে নারী একজন, তিনজন পুরুষ। ৪ জনের মধ্যে ২ জনের বয়স ৭০ এর বেশি। যে চিকিৎসকের মৃত্যু হয়েছে তার বয়স ৫০ বছর। আরেকজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। #

পার্সটুডে/আশরাফুর রহমান//১৫