সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় রোগীদের দুর্ভোগ ও মৃত্যুহার বাড়ছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79168-সঠিক_পরিকল্পনা_গ্রহণ_না_করায়_রোগীদের_দুর্ভোগ_ও_মৃত্যুহার_বাড়ছে_রিজভী
বাংলাদেশের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুতির যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে যথেষ্ট ঘাটতি আছে বলে অভিযোগ করেছে বিএনপি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ১১:১২ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুতির যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে যথেষ্ট ঘাটতি আছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ (শনিবার) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথম করোনা রোগী চিহ্নিত হয় ৮ মার্চ। তারপর সরকার রোগটি প্রতিরোধের ক্ষেত্রে যথেষ্ট সময় পেলেও রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়নি। করোনার রোগীদের চিকিৎসার জন্য আইসিইউতে ভেন্টিলেটর মেশিন ও সেন্ট্রাল অক্সিজেন লাইনের সুবিধাসহ পৃথক হাসপাতাল স্থাপন করতে পারেনি।’

রিজভী আরো বলেন, রোগীদের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুতির যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানেও যথেষ্ট ঘাটতি আছে। বিশেষায়িত হাসপাতালের পরিবর্তে নির্বাচন করা হয়েছে আউটডোর ক্লিনিক। সেখানে অক্সিজেনের সুবিধা পর্যন্ত নেই, নেই অপারেশন থিয়েটার। এখন চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় বাড়ছে রোগীদের দুর্ভোগ ও মৃত্যুহার। মূলত সারা বাংলাদেশে করোনার কোনো চিকিৎসা হচ্ছে না, চারিদিকে মানুষের কেবলই আর্তনাদ শোনা যাচ্ছে।’

দলীয় লোক দিয়ে ত্রাণ কমিটি গঠনের সমালোচনা করে রিজভী বলেন, স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে দলীয় লোক দিয়ে ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মানে এই তালিকায় কেবল আওয়ামী লীগ করা লোকজনের ঠাঁই হবে। বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি, ত্রাণ কার্যক্রমে দলীয় কমিটির কারণে চাল চুরি আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, দলীয় তালিকা করে দলের লোকজন খাবে আর অন্যরা না খেয়ে মরবে। ধরেই নেওয়া যায়, লুটপাটের মহামারি শুরু হতে যাচ্ছে। সুতরা আওয়ামী লীগের লোক দিয়ে ত্রাণ তালিকা করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।