অবকাঠামো উন্নয়নের নামে নেতাকর্মীদের পকেট ভারী করেছে সরকার: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79906-অবকাঠামো_উন্নয়নের_নামে_নেতাকর্মীদের_পকেট_ভারী_করেছে_সরকার_রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবকাঠামো উন্নয়নের নামে নেতাকর্মীদের পকেট ভারী করেছে সরকার। কিন্তু প্রকৃত পক্ষে উন্নয়ন যাকে বলে, দেশের মানুষের সেই উন্নয়নের জন্য কিছু করা হয়নি।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০২০ ১২:৫৭ Asia/Dhaka
  • বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবকাঠামো উন্নয়নের নামে নেতাকর্মীদের পকেট ভারী করেছে সরকার। কিন্তু প্রকৃত পক্ষে উন্নয়ন যাকে বলে, দেশের মানুষের সেই উন্নয়নের জন্য কিছু করা হয়নি।’

শুক্রবার (১৫ মে) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী ও শ্রীনগরের বীরতারা ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় তিনি এসব মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার কয়েকটি ফ্লাইওভার তৈরি করে উন্নয়নে দেশ ভাসিয়ে দিচ্ছে বলে প্রচার করছে। হাসপাতাল নেই কেন, ভেন্টিলেটর নেই কেন? করোনা রোগীদের দরকার ভেন্টিলেটর, অক্সিজেন। দেশের ৯০ ভাগ হাসপাতালে এ ব্যবস্থা নেই। সরকার মানুষকে বাঁচানোর জন্য কোনো কাজ করেনি।’

সরকার করোনা মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়নি, অভিযোগ করে তিনি বলেন, ‘তারা একবার বলেন, লকডাউন শিথিল করা হয়েছে; আবার বলেন, লকডাউন চলবে। তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন। আমাদের দেশে আক্রান্ত হওয়ার আগে সরকার করোনা প্রতিরোধে পদক্ষেপ নিতে পারত, কিন্ত সেটি তারা নেয়নি।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সিরাজদিখান থানা বিএনপির সভাপতি বীরেন কুদ্দুস, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হোসেন, শ্রীনগর বিএনপির সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জলসহ স্থানীয় নেতারা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।