বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বিএনপি: তথ্যমন্ত্রী
-
বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বিএনপি। আমি মির্জা ফখরুল সাহেবসহ যারা এ ধরনের সমালোচনা করছেন, তাদেরকে বলব- এখন বিষোদগারের সময় নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবিলা করি।’
আজ (মঙ্গলবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আজকের এই বৈশ্বিক মহামারি শুধু বাংলাদেশে নয়, এর কারণে উন্নত দেশগুলো আজ নাস্তানাবুদ পরিস্থিতির শিকার। সেখানে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বেলজিয়ামের মতো দেশে মৃত্যুর হার ১৫ শতাংশ। ব্রিটেনে ১৪, আমেরিকায় ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তানে ২ এর বেশি আর বাংলাদেশে এ হার ১ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্যব্যবস্থা যদি খুবই খারাপ হতো, তাহলে মৃত্যুর হার অন্যান্য দেশের মতো আরও বেশিই হতো।
‘মহামারি মোকাবিলায় ঐক্য দরকার’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এ মহামারির জন্য বিশ্বের কোনো দেশই প্রস্তুত ছিল না। সব দেশে মহামারি মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা চলছে। অন্য দেশে বিরোধী দল পরামর্শ দিচ্ছে, কিন্তু অন্ধের মতো সমালোচনা করছে না।’
২৫ বছর পূর্তি উপলক্ষে ডিআরইউ'র সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য পরীক্ষা বুথ স্থাপন, সুরক্ষাসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ নানা পদক্ষেপের প্রশংসা ও সংগঠনটির মঙ্গল কামনা করেন মন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম, আছি এবং থাকব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১১ বছরে দেশের গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। প্রিন্ট, ইলেকট্রনিক মাধ্যম তিনগুণ হবার পাশাপাশি কয়েক হাজার অনলাইন সংবাদপোর্টাল হয়েছে, যেগুলোর নিবন্ধন বিষয়ে দ্রুত কাজ চলছে।’
সহসাই অনলাইন সংবাদ পোর্টালের ‘রেজিস্ট্রেশন' দেয়ার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, 'যেসমস্ত অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে না, হীন উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি ছড়ায় এবং নানা অনৈতিক কাজে লিপ্ত, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর যেসমস্ত অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, গণমাধ্যম জগতে সত্যিকার ভূমিকা রাখছে, তারা রেজিস্ট্রেশন পাবে।’
‘সমাজ ও রাষ্ট্রে বস্তুনিষ্ঠ সংবাদের ভূমিকা অনেক বড় এবং এ কারণে ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদেরই ঐক্যবদ্ধ ভূমিকা নেয়া প্রয়োজন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন বহুসময় আমাদের তৃতীয় নয়ন খুলে দেয়। এমন বেশকিছু প্রতিবেদনের ওপর ভিত্তি করে সমস্যা প্রতিকারে নিজের উদ্যোগের কথাও জানান তিনি।
ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় সহসভাপতি নজরুল কবীরসহ অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন ডিআরইউর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, প্রাক্তন সভাপতি ইলিয়াস হোসেন, প্রাক্তন সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ ও মুরসালিন নোমানী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।