করোনা শনাক্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ, মৃত্যু আরও ৪৪
https://parstoday.ir/bn/news/bangladesh-i80645-করোনা_শনাক্তের_নিরিখে_চীনকে_ছাড়িয়ে_গেল_বাংলাদেশ_মৃত্যু_আরও_৪৪
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। এর মধ্যদিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলে বাংলাদেশ। এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৩, ২০২০ ১১:১৯ Asia/Dhaka
  • করোনা শনাক্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ, মৃত্যু আরও ৪৪

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। এর মধ্যদিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলে বাংলাদেশ। এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন।

আজ (শনিবার) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ১৩৯ জন। নতুন যে ৪৪জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন ও চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন বলেও জানান তিনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯টি পরীক্ষাগারে ১৪,০৩৫টি নমুনা সংগ্রহ ও ১৬, ৬৩৮টি পরীক্ষা করা হয়েছে। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৫৭৮ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি’র ৫৬ নেতা-কর্মীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বিএনপির ৫৬ জন নেতাকর্মী মৃত্যু হয়েছেন। একই সময় আক্রান্ত হয়েছেন আরও ১২১জন।

শনিবার সকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন করোনা পর্যবেক্ষণ সেলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে যেসব বিএনপি নেতারা করোনায় আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের মধ্যে- ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ জন, মৃত্যু ২৭ জন।  চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ জন মৃত্যু ১২ জন। কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ জন মৃত্যু ১৩ জন। সিলেটে আক্রান্ত আটজন, মৃত্যু ২ জন। ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ জন, মৃত্যু একজন। ময়মনসিংহে আক্রান্ত একজন, মৃত্যু একজন। খুলনায় আক্রান্ত সাতজন, মৃত্যু নেই। রাজশাহী বিভাগে আক্রান্ত ৫ জন, মৃত্যু নেই

একদিনে পুলিশের ২২১ সদস্য আক্রান্ত

গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পুলিশের ২২১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ৭ হাজার ১৯১ জনকরোনা আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৬,৯৭০। সংক্রমণের শুরু থেকে গত তিনমাসে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ২৩ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ২১ জন কর্মকর্তা ও বাকি ২ জন সিভিল কর্মকর্তা যারা পুলিশে সংযুক্ত ছিলেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৯১৯ জন সদস্য।

তবে, গতকাল পর্যন্ত পুলিশের ৩ হাজার ৫০০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। ৩১১২ জন উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টিনে রয়েছেন ৯৩৬১ জন পুলিশ কর্মকর্তা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।