করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৮৬২
https://parstoday.ir/bn/news/bangladesh-i80718-করোনাভাইরাস_বাংলাদেশে_২৪_ঘণ্টায়_সর্বোচ্চ_৫৩_জনের_মৃত্যু_আক্রান্ত_৩_৮৬২
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৫৩ জন। যা একদিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২৬২ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৬, ২০২০ ১০:৪৯ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৫৩ জন। যা একদিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২৬২ জন।

আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৩৩ হাজার ৭২৭টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। এছাড়া হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরও ২ হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয় বলে ডা. নাসিমা সুলতানা জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।