বাংলাদেশে করোনায় একদিনে আক্রান্ত ৪ সহস্রাধিক, আরও ৩ চিকিৎসকের মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হবার রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (বুধবার) কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রেগীর সংখ্যা চার হাজার আট জনে পৌঁছেছে। এ নিয়ে দেশে ৯৮ হাজার ৪৮৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে এক হাজার ৩০৫ জন মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। অন্যদিকে, একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আরও ৩ চিকিৎসকের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার) সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান।
আর সোয়া ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদ।
এর আগে, আজ ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান। ডা. নুরুল হক গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।
এই তিন চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
মাদারীপুরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে আজ সকালে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। রাজৈর উপজেলার বেপারীপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে 'রাজৈর উপজেলা সচেতন নাগরিকবৃন্দ'।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসে মাদারীপুরে প্রথম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলেও জেলায় নমুনা পরীক্ষার কোন ব্যবস্থা নেই। পরীক্ষার অভাবে কে করোনা বহন করে চলছে তা বোঝা যাচ্ছে না, ফলে সতর্ক হওয়াও যাচ্ছে না। এ অবস্থায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা অবিলম্বে করোনাভাইরাস টেস্টের জন্য মাদারীপুরে একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান।
প্রসঙ্গত, মাদারীপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৫৩ জন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।