বাংলাদেশে ১৪ সংসদ সদস্য করোনায় আক্রান্ত: ১৭০ জনের নমুনা পরীক্ষা চলছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i80832-বাংলাদেশে_১৪_সংসদ_সদস্য_করোনায়_আক্রান্ত_১৭০_জনের_নমুনা_পরীক্ষা_চলছে
বাংলাদেশের জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ (রোববার) আরও ৪৫ জন দিয়েছেন। সব মিলিয়ে দুই দিনে নমুনা দিয়েছেন ৬৫ জন। সোমবারও সাংসদদের নমুনা সংগ্রহ করা হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২১, ২০২০ ০৮:০৩ Asia/Dhaka
  • জাতীয় সংসদ
    জাতীয় সংসদ

বাংলাদেশের জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ (রোববার) আরও ৪৫ জন দিয়েছেন। সব মিলিয়ে দুই দিনে নমুনা দিয়েছেন ৬৫ জন। সোমবারও সাংসদদের নমুনা সংগ্রহ করা হবে।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, “আমরা সংসদ সদস্যদের আহ্বান করেছি। তারা সাড়া দিচ্ছেন। বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে যারা অংশ নেবেন, তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।” তিনি নিজেও নমুনা দিয়েছেন বলে জানান।

এছাড়া, সংসদ সচিবালয় ও ভবনের ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীদের নমুনাও নেয়া হয়েছে। রোববারও এমপিদের নমুনা সংগ্রহ করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭০ জন সংসদ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

ইতোমধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৪ সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে একজন সাবেক চিফ হুইপ রয়েছেন।

আক্রান্তরা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গত ১৩ জুন মারা যান। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্টোক করে মারা যান। 

এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দোকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য বোকাব্বির খান, সাবেক হুইপ ও নওগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকার।

এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাজেট অধিবেশনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং গণফোরামের মোকাব্বির খান আক্রান্ত হওয়ার ফলাফল আসার আগে সংসদে গিয়েছিলেন। এরপর সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করার বিষয়টি আলোচনায় আসে।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যারা সংসদের বৈঠকে অংশ নেবেন তাদের পরীক্ষা হয়ে গেলে বাকিদেরও পরীক্ষা করানো হতে পারে।”

মহামারীকালে বাজেট পাসের জন্য সংসদের অধিবেশন ডেকে তা ১২-১৫ দিন চালানোর সিদ্ধান্ত নিলেও তা আরও সংক্ষিপ্ত করা হচ্ছে। সব মিলিয়ে এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ হতে পারে। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাজেট অধিবেশন বসেছে স্বল্প সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে। সাংবাদিক কিংবা অতিথিদেরও ঢোকার সুযোগ নেই। সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে বেশ কিছু ব্যবস্থা। সংসদ সদস্যদের বসার ব্যবস্থা হয়েছে দূরত্ব বজায় রেখে। মাস্ক ও গ্লাভস পরে তারা অধিবেশনে যোগ দিয়েছেন। কোরাম ঠিক রেখে প্রতিদিন ৮০-৯০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। হুইপরা তালিকা করে তাদের সংসদ সদস্যদের সংসদে আসতে বলছেন। বয়ঃজ্যেষ্ঠ সংসদ সদস্যদের সংসদের বৈঠকে সুযোগ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।