হাত ধোয়ার ২০ সেকেন্ডের অলসতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে: কাদের
-
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার বিস্তার রোধে ঝুঁকি বিবেচনায় চিহ্নিত রেড জোন এলাকায় লকডাউন কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকার নতুন করে করোনার উচ্চ ঝুঁকি বিবেচনায় বেশ কিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে।এ সকল এলাকার জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। অনুরোধ করছি, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার।’
ওবায়দুল কাদের আজ (সোমবার) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের বাসভবন থেকে নোয়াখালীতে কোভিট রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই আহ্বান জানান।
এ সময় দেশবাসীকে স্বাস্থ্য সচেতন হতে আবারো আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নানান সীমাবদ্ধতা সত্ত্বেও টেস্টিং ক্যাপাসিটি এবং চিকিৎসার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে ৬০টির অধিক কেন্দ্রে টেস্ট করা হচ্ছে যদিও আমাদের আরও টেস্ট সেন্টার বাড়ানো প্রয়োজন।
ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন- বাংলাদেশ সফররত চীনা বিশেষজ্ঞ দলটি সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর দায়িত্ব পালনের প্রশংসা করেছেন। নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে তারা মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথা বলেছেন। আমি আবারো সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, এক সেকেন্ডের অবহেলা, হাত ধোয়ার ২০ সেকেন্ডের অলসতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, লক্ষণ দেখা দিলে গোপন করবেন না। নিকটস্থ কেন্দ্রে পরীক্ষা করান। অনেকে লক্ষণ গোপন করে স্বাভাবিক চলাফেরার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ছে সর্বত্র। দয়া করে সবার স্বার্থে ঝুঁকি নেবেন না। অনেকে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া প্রেসক্রিপশন ফলো করে ভয়ানক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করুন, টেলিমেডিসিন সেবা গ্রহণ করুন। অযথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা ফলো করবেন না, আপনার সমস্যা অন্যের সাথে নাও মিলতে পারে এতে আপনি ঝুঁকিতে পড়বেন।
বিএনপির ত্রাণ কার্যক্রমে বাঁধার অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব বিএনপিকে ত্রাণ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করুন, তথ্য প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এছাড়া, আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়।
উল্লেখ্য, গতকাল রোববার এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে দলীয় নেতা-কর্মীদের ত্রাণ বিতরণের কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলার ঘটনা উল্লেখ করে অভিযোগ করেছেন করোনা মহামারিতে বিএনপির মানবিক কর্মসূচিতেও ক্ষমতাসীনরা বাঁধা দিচ্ছে।
বিবৃতিতে ফখরুল বলেন, ‘করোনা ভাইরাসের দুযোর্গকালীন সময়ে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধারত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ত্রাণ কার্য্ক্রম অব্যাহত রাখার মানবিক কাজকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার। তারা দলীয় লোকজনদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করছে, নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই করোনা মহামারীর মধ্যে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচিতে সরকারি দলের সন্ত্রাসীদের এই হামলা ঘটনা অশুভ ইঙ্গিতের ইশারা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।